”অপারেশন সিঁদুর’ শেষ হয়নি! পাকিস্তানে এখনও সন্ত্রাস চলছে’, বিস্ফোরক দাবি সেনাপ্রধানের

‘অপারেশন সিঁদুর’-এর পরেও পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করেনি। এমনটাই বিস্ফোরক দাবি করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, ১০ মে শেষ হয়নি এই অভিযান, বরং আরও দীর্ঘ সময় ধরে সবার অলক্ষ্যে লড়াই চলেছে।
সম্প্রতি একটি বইপ্রকাশ অনুষ্ঠানে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, “আপনারা হয়তো ভাবছেন যে ১০ মে যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু না, এটি দীর্ঘ সময় ধরে চলেছে। বলা ভালো, অপারেশন সিঁদুর শেষ হওয়া বেশিদিন হয়নি। অনেক কিছু এখানে বলা সম্ভব নয়।” তিনি আরও জানান, এই অভিযানের প্রভাব এখনও পুরোপুরি বোঝা যায়নি এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করাটা বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে।
পাকিস্তানের নাম না নিয়েই সেনাপ্রধান বলেন, “অপারেশন সিঁদুরের পর রাষ্ট্রের মদতে সন্ত্রাস বন্ধ হয়েছে, এমনটা নয়। কারণ এখনও নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা চলছেই।” তিনি আরও যোগ করেন, ভারতীয় সেনাদের অভিযানে ১০০ জনেরও বেশি জঙ্গি এবং ৩৫-৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
২২ এপ্রিল, पहलগাঁওয়ে ২৬ জন নিরস্ত্রকে লস্করের সহযোগী সংগঠন টিআরএফের জঙ্গিরা হত্যা করে। এর জবাবে ৭ মে ভারত পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপর পাকিস্তান ভারতের সেনাঘাঁটি ও জনবহুল এলাকায় হামলা চালালে ভারত প্রত্যাঘাত করে এবং পাকিস্তানের ১১টি বায়ুসেনাঘাঁটি তছনছ করে দেয়। শেষ পর্যন্ত ইসলামাবাদ সংঘর্ষবিরতির জন্য অনুরোধ করলে নয়াদিল্লি তাতে রাজি হয়। তবে এরপরও পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করেনি বলে অভিযোগ উঠেছে।