স্কুলের টাকায় বিদেশ ভ্রমণ! আর্থিক তছরুপের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষককে

স্কুলের তহবিলের অর্থ নয়ছয় করার অভিযোগে সাসপেন্ড হলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর আব্দুস শুকুর হাইস্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাস। অভিযোগ, গত চার-পাঁচ বছর ধরে তিনি প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার আর্থিক তছরুপ করেছেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শুভাশিস সাহু অভিযোগ করেছেন যে, প্রধান শিক্ষক অঞ্জন দাস স্কুলের ফান্ড ব্যবহার করে ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করেছেন। এছাড়াও, তিনি স্কুলের অডিট ঠিকমতো করাননি এবং অডিটেড নয় এমন ফান্ডের অর্থ ইচ্ছামতো ব্যবহার করেছেন। স্কুলের রং করা, টেবিল-বেঞ্চ তৈরি করার মতো বিভিন্ন কাজেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডিসিপ্লিনারি কমিটি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় স্কুলের অভিভাবকরাও ক্ষুব্ধ এবং তারা প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেছেন।