অনিল আম্বানিকে ‘জালিয়াত’ ঘোষণা করল ব্যাঙ্ক অফ বরোদা, জবাবে কী বললেন তিনি

রিলায়েন্স কমিউনিকেশনস এবং এর কর্ণধার অনিল আম্বানিকে ‘জালিয়াত’ হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদা। একটি ফরেনসিক অডিট রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক। এই রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স কমিউনিকেশনস-এর বিরুদ্ধে তহবিল নয়ছয়, হিসেবের কারচুপি এবং ঋণের অনুপযুক্ত ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

হাজার হাজার কোটি টাকা ঋণের অভিযোগ
শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বোম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো একটি চিঠিতে রিলায়েন্স কমিউনিকেশনস নিজেরাই এই খবরটি নিশ্চিত করেছে। ব্যাঙ্ক অফ বরোদার তথ্য অনুযায়ী, বর্তমানে রিলায়েন্স কমিউনিকেশনসের কাছে তাদের মোট ঋণের পরিমাণ ১ হাজার ৬৫৬ কোটি ৭ লক্ষ টাকা। এই বিশাল অঙ্কের ঋণ নিয়েই এখন জালিয়াতির অভিযোগ উঠেছে।

অনিল আম্বানির জবাব: ‘আমাকে ফাঁসানো হচ্ছে’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অনিল আম্বানি। তার মুখপাত্রের মাধ্যমে তিনি জানিয়েছেন, অনিল আম্বানি রিলায়েন্স কমিউনিকেশনসের একজন নন-এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ফলে, কোম্পানির দৈনন্দিন কার্যকলাপে তার কোনো ভূমিকা ছিল না। ২০১৯ সালেই তিনি ওই সংস্থার বোর্ড থেকে পদত্যাগ করেন। অনিল আম্বানির দাবি, এতদিন পর বেছে বেছে তাকে নিশানা করা হচ্ছে।

বর্তমানে দেউলিয়া প্রক্রিয়ার মধ্যে থাকা রিলায়েন্স কমিউনিকেশনস আইনি সুরক্ষার অধীনে রয়েছে। অনিল আম্বানির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেবেন। এই ঘটনা ভারতের কর্পোরেট মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।