অবশেষে উধাও বৃষ্টি, দক্ষিণবঙ্গে ফিরছে আর্দ্রতাজনিত অস্বস্তি

আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, সোমবার ও মঙ্গলবার থেকে তা আবার বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। তবে এর পর থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রবিবার থেকে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।