বিবেকের ‘দ্য বেঙ্গল ফাইলস’ কি ব্রাত্য বাংলায়? চলচ্চিত্র পরিচালকের বিস্ফোরক অভিযোগে তোলপাড়!

বহু বিতর্ক সত্ত্বেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পেল না পশ্চিমবঙ্গের কোনও সিনেমা হলে। ছবির টিম আগেই এমন আশঙ্কা করেছিল, আর এবার সেই আশঙ্কাই সত্যি হল। পরিচালকের অভিযোগ, সিনেমা হল মালিকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা ছবিটি না দেখায়। আর এই চাপ আসছে সরাসরি রাজ্য প্রশাসন থেকে। এই ঘটনার প্রতিবাদে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন বিবেক।
বিবেক অগ্নিহোত্রী বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের একাধিক সিনেমা হল মালিকের সঙ্গে তার ব্যক্তিগত কথা হয়েছে। তাদের অভিযোগ, রাজ্য প্রশাসনের তরফ থেকে তাদের উপর চাপ আসছে যাতে তারা ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি না দেখায়। যদিও হল মালিকরা সরাসরি কারও বিরুদ্ধে মুখ খুলতে রাজি হননি। বিবেকের দাবি, নিজেদের সম্পত্তি ও ব্যবসার সুরক্ষায় হল মালিকরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন।
কয়েকদিন আগেই বিবেক অগ্নিহোত্রী একটি ভিডিও বার্তায় সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছবিটি শান্তিপূর্ণভাবে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, যেহেতু ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে, তাই ভারতীয় সংবিধান অনুযায়ী তা দেখানো উচিত। বিবেক আরও বলেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি ১৯৪৬ সালের ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ এবং নোয়াখালিতে হিন্দু গণহত্যার মতো ঐতিহাসিক ঘটনা নিয়ে তৈরি। এই ঘটনাগুলো ভারত বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।
এই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য থেকে। তিনি বলেছিলেন, ছবির নাম কেন ‘দ্য দিল্লি ফাইলস’ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ করা হয়েছে, সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। শুধু তাই নয়, তিনি দাবি করেছিলেন যে তার অভিনীত অংশটুকু বাদ দিলে ছবির বাকি গল্প সম্পর্কে তিনি কিছুই জানতেন না। শাশ্বত-এর এই মন্তব্যের পর বিবেক এবং তার স্ত্রী পল্লবী যোশী শাশ্বতকে ভীতু বলে কটাক্ষ করেন। এই ঘটনাও ছবিটিকে ঘিরে বিতর্কের জন্ম দেয়।