‘রুশ তেল কেনা বন্ধ করুন, চীনকে চাপ দেওয়া হোক’, ইউরোপীয় নেতাদের কড়া বার্তা ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে এবার পশ্চিমা জোটের নেতাদের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক ফোনালাপে তিনি ইউরোপীয় নেতাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন, রাশিয়ার তেল কেনা অবিলম্বে বন্ধ করতে হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন বন্ধ করতে ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই চিনের ওপরও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ। সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার জন্য ওয়াশিংটন ভারতকে জরিমানা করেছে। এই আবহে ট্রাম্পের এই বার্তা থেকেই বোঝা যায়, রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে আমেরিকা তার পশ্চিমা মিত্রদের ওপর চাপ বাড়াচ্ছে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, ভবিষ্যতে রাশিয়া ও চিনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।
ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই ভারতসহ বিভিন্ন দেশের ওপর ‘পারস্পরিক শুল্ক’ (reciprocal tariff) আরোপ করে আসছে, যা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টেও আইনি লড়াই চলছে। ট্রাম্পের পক্ষ থেকে মার্কিন সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্যই তারা এই শুল্ক আরোপ করেছেন। তাদের মতে, ভারত রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নও ২০২৮ সালের মধ্যে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করার জন্য আইন প্রস্তাব করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই কড়া বার্তা ইউরোপের ওপর আরও চাপ বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।