বিনা টিকিটের যাত্রী ধরতে কড়া পদক্ষেপ, শিয়ালদহ-লালগোলা রুটে টিকিট চেকিং অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা!

শিয়ালদহ রেল ডিভিশনে যাত্রীসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বিনা টিকিটে যাতায়াতকারীর সংখ্যা। এই সমস্যা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল পূর্ব রেল। সম্প্রতি শিয়ালদহ-লালগোলা শাখায় একটি বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়েছে। এই অভিযানে অবৈধভাবে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩০৬টি মামলা রুজু করা হয়েছে।

এই অভিযানের নেতৃত্ব দেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ড. উদয় শঙ্কর ঝা এবং সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনা। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো। শুধু টিকিট না কেনা নয়, অবৈধভাবে লাগেজ বহন করা এবং রেল চত্বরে থুতু ফেলার মতো অপরাধের জন্যও জরিমানা করা হয়েছে।

শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানান, এই অভিযান শুধু জরিমানা আদায়ের জন্য নয়, বরং যাত্রীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা এর মূল উদ্দেশ্য। তিনি বলেন, “বৈধ টিকিট বহন, লাগেজ নিয়ম মেনে চলা এবং রেলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা— এই বিষয়গুলির গুরুত্ব সম্পর্কে যাত্রীদের সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য।”

জরিমানা আদায়ের পাশাপাশি ড. ঝা যাত্রী পরিষেবা উন্নত করার দিকেও নজর দেন। তিনি রেলের বিভিন্ন সুবিধাগুলি পরিদর্শন করেন, যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নৈহাটি স্টেশনের বিক্রেতাদের সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা করেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও নিয়মিতভাবে চালানো হবে, যাতে রেল ভ্রমণ সবার জন্য নিরাপদ ও আরামদায়ক হয়।