মহিলা বিচারকের কাছে ৫০০ কোটি টাকা মুক্তিপণ চাইলেন ৭৪-র বৃদ্ধ! নেপথ্যের কোন রহস্য? জানলে চমকে উঠবেন

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক চাঞ্চল্যকর ঘটনায় ৭৪ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মধ্যপ্রদেশের এক মহিলা বিচারককে ৫০০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছিলেন। তবে আসল উদ্দেশ্য ছিল ভিন্ন— নিজের এক বন্ধুকে ফাঁসানো।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম দেবরাজ সিং। তার সঙ্গে সন্দীপ সিং নামে এক ব্যক্তির ব্যক্তিগত শত্রুতা ছিল। কয়েক সপ্তাহ আগে সন্দীপ তাকে মারধর করলে প্রতিশোধ নেওয়ার জন্য দেবরাজ এই ষড়যন্ত্র করেন। প্রথমে তিনি থানায় অভিযোগ জানালেও তাতে সন্তুষ্ট ছিলেন না। তাই তিনি প্রতিশোধের এক চরম পন্থা বেছে নেন।

মধ্যপ্রদেশের রেওয়ার টিওন্থর আদালতের বিচারক মোহিনী ভদোরিয়া ২ সেপ্টেম্বর একটি রেজিস্টার্ড চিঠি পান। তাতে লেখা ছিল, ‘বাঁচতে চাইলে ৫০০ কোটি টাকা দাও’, এবং চিঠির শেষে ‘সন্দীপ সিং’ নামে স্বাক্ষর করা ছিল। বিচারক অভিযোগ জানানোর পর পুলিশ প্রথমে সন্দীপ সিংকে জিজ্ঞাসাবাদ করে। তবে ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, হাতের লেখা তার নয়।

পুলিশ এরপর প্রয়াগরাজের আরএমএস পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানেই ধরা পড়ে দেবরাজ সিং নামে ওই বৃদ্ধ চিঠিটি রেজিস্ট্রি করছেন। জেরার মুখে দেবরাজ স্বীকার করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে সন্দীপের নাম ব্যবহার করেছিলেন যাতে তাকে ফাঁসানো যায়। ৫০০ কোটি টাকার বিশাল অঙ্কটি তিনি যোগ করেছিলেন, যাতে ঘটনাটি বিশ্বাসযোগ্য মনে হয়। দেবরাজ সিংকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।