ব্যাঙ্ক অফ বরোদার চোখেও ‘প্রতারক’ অনিল আম্বানি! চাপ বাড়ছে রিলায়েন্সের প্রাক্তন কর্ণধারের

রিলায়েন্স কমিউনিকেশনসের (আরকম) প্রাক্তন কর্ণধার অনিল আম্বানির ওপর চাপ আরও বাড়ল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর এবার দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদাও তাকে এবং তার সংস্থাকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করেছে। বৃহস্পতিবারই এই খবর শেয়ার বাজারকে জানানো হয়েছে।

বিভিন্ন ব্যাঙ্ক থেকে আরকম এবং তার শাখা সংস্থাগুলো মোট ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল। স্টেট ব্যাঙ্ক অভিযোগ করেছে, এই অর্থ জটিল উপায়ে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর অন্যান্য সংস্থায় পাঠানো হয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, তারা আরকম-এর কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায়। এবার ব্যাঙ্ক অফ বরোদাও একই অভিযোগ করে অনিল আম্বানিকে ‘প্রতারক’ ঘোষণা করেছে।

অনিল আম্বানির সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। পাওনাদারদের ঋণ মেটানোর জন্য তিনি সম্পত্তি বিক্রি করার চেষ্টা করলেও সমস্যা কমছে না।

ব্যাঙ্কগুলোর অভিযোগের ভিত্তিতে সিবিআই এই বিষয়ে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। তাদের ধারণা, রিলায়েন্স সঠিকভাবে ঋণ ব্যবহার করেনি এবং টাকা নয়ছয় করা হয়েছে, যার কারণেই সংস্থাটি দেউলিয়া হয়েছে।

এর আগে, ইডি ২০২০ সালে ইয়েস ব্যাংকের ঋণ মামলায় এবং ২০২৩ সালে আবারও অনিল আম্বানিকে তলব করে দীর্ঘ জেরা করেছিল। একের পর এক ব্যাঙ্কের এই সিদ্ধান্ত অনিল আম্বানির জন্য নতুন করে আইনি জটিলতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।