৭৪ বছরের বৃদ্ধের চাঞ্চল্যকর প্রতিশোধ! বন্ধুকে ফাঁসাতে ৫০০ কোটি টাকা মুক্তিপণ চেয়ে চিঠি মহিলা বিচারককে, তারপর?

অবিশ্বাস্য হলেও সত্যি। নিজের এক বন্ধুকে ফাঁসানোর জন্য এক মহিলা বিচারককে ৫০০ কোটি টাকা মুক্তিপণ চেয়ে হুমকি চিঠি পাঠিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ৭৪ বছরের বৃদ্ধ। প্রতিশোধের এই নাটক সাজাতে গিয়ে শেষমেশ নিজেই ফেঁসে গেলেন তিনি। পুলিশের হাতে ধরা পড়েছেন অভিযুক্ত দেবরাজ সিং।
ঠিক কী ঘটেছিল?
মধ্যপ্রদেশের রেওয়ার টিওন্থর আদালতে কর্মরত বিচারক মোহিনী ভদোরিয়া গত ২ সেপ্টেম্বর একটি হুমকি চিঠি পান। চিঠিটি প্রয়াগরাজ থেকে পাঠানো হয়েছিল। তাতে লেখা ছিল, ‘বাঁচতে চাইলে ৫০০ কোটি টাকা দাও।’ চিঠিতে নাম ছিল সন্দীপ সিং নামে এক কুখ্যাত ‘হনুমান গ্যাং’-এর সদস্যের। বিচারকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রথম সন্দেহের তীর যায় সন্দীপ সিংয়ের দিকে। কিন্তু ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, সন্দীপ নির্দোষ এবং তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে।
সিসিটিভি ফুটেজে ফাঁস হল আসল ষড়যন্ত্র
এরপর প্রয়াগরাজের আরএমএস পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে দেখা যায়, এক বৃদ্ধ রেজিস্টার্ড পোস্টে ওই চিঠিটি পাঠাচ্ছেন। পুলিশ তাঁকে শনাক্ত করে এবং তাঁর পরিচয় জানা যায় দেবরাজ সিং নামে।
পুলিশি জেরায় দেবরাজ স্বীকার করেন যে, সন্দীপ সিংয়ের সঙ্গে তাঁর পুরোনো শত্রুতা ছিল। কিছুদিন আগে সন্দীপ তাঁকে মারধর করেছিল। এর প্রতিশোধ নিতেই তিনি সন্দীপকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করেন। তিনি ইচ্ছে করেই সন্দীপের নাম ব্যবহার করেন এবং মামলাটিকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য ৫০০ কোটি টাকার মতো বিশাল অঙ্কের কথা উল্লেখ করেন। শেষ পর্যন্ত তাঁর এই ষড়যন্ত্র ব্যুমেরাং হয়ে যায়। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়।