‘এক ব্যক্তির দুই কেন্দ্রে নাম’ এবার বিতর্কে কংগ্রেস নেতার স্ত্রীয়ের নাম, কমিশনের নোটিশ

দেশের একাধিক রাজ্যের ভোটার তালিকায় একই ব্যক্তির নাম থাকা নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখন এই বিতর্কে জড়িয়ে পড়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা পবন খেরার স্ত্রী কে নীলিমার নাম দুটি ভিন্ন কেন্দ্রের ভোটার তালিকায় পাওয়া গেছে। এই ঘটনায় নির্বাচন কমিশন (EC) নীলিমার নামে নোটিশ পাঠিয়েছে এবং নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে ১০ সেপ্টেম্বরের মধ্যে জবাব চেয়েছে।


 

কী অভিযোগ কমিশনের?

 

দিল্লির নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, কে নীলিমার নাম দুটি ভিন্ন জায়গার নির্বাচনী তালিকায় পাওয়া গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাধিক কেন্দ্রে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা একটি দণ্ডনীয় অপরাধ। এই নোটিশটি কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা নিজেরাই ভুয়ো ভোটার এবং একাধিক কেন্দ্রে নাম থাকার বিষয়ে সরব হয়েছে।


 

বিতর্কের সূত্রপাত

 

মাত্র দু’দিন আগে কংগ্রেস মুখপাত্র পবন খেরার বিরুদ্ধে দুটি নির্বাচনী কেন্দ্রে নাম থাকার অভিযোগ তুলেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি এক্স (সাবেক টুইটার)-এ দুটি ভোটার কার্ডের ছবি পোস্ট করে কংগ্রেসকে কটাক্ষ করেন। এরপর কমিশন খেরার নামেও নোটিশ পাঠায়।

এই অভিযোগের জবাবে পবন খেরা দাবি করেন, তিনি ২০১৬ সালে নয়াদিল্লি নির্বাচনী এলাকা থেকে স্থানান্তরিত হয়েছিলেন এবং আগের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদনও করেছিলেন। কিন্তু কমিশন সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। তবে, এবার তাঁর স্ত্রীর নাম দিল্লির সঙ্গে তেলেঙ্গানার একটি নির্বাচনী তালিকাতেও পাওয়া গেছে, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।