প্রথম যাত্রাতেই সলিল সমাধি! ১০ লাখ ডলারের বিলাসবহুল ইয়ট ডুবে গেলো উপকূলে

এটি ছিল তার প্রথম সমুদ্র যাত্রা, কিন্তু যাত্রা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই সলিল সমাধি হলো ১০ লাখ ডলার মূল্যের এক বিলাসবহুল ইয়টের। তুরস্কের জংগুলদাক উপকূলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ঘটনায় ৪ আরোহী অক্ষত অবস্থায় উদ্ধার পেলেও, ইয়ট ডোবার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৪ মিটার লম্বা এই বিলাসবহুল ইয়টটির নাম ছিল ‘ডোলসে ভেন্তো’। গত মঙ্গলবার এর ডুবে যাওয়ার ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় পর্যটনকেন্দ্র জংগুলদাক উপকূলে হঠাৎ করে ইয়টটি একদিকে কাত হয়ে দ্রুত সমুদ্রে ডুবে যাচ্ছে।
এই ঘটনার পর কোস্টগার্ড ও চিকিৎসা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বোট ইন্টারন্যাশনাল–এর প্রতিবেদন অনুযায়ী, ইয়টে মালিক, ক্যাপ্টেনসহ মোট চারজন আরোহী ছিলেন। তারা সময়মতো লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হওয়ায় কেউ আহত হননি।
ইয়ট ডোবার সঠিক কারণ এখনও জানা যায়নি। কিছু প্রতিবেদনে স্থায়িত্বজনিত সমস্যার কথা বলা হয়েছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে। ইয়টটি ২০২৪ সালে মেদ ইয়িলমাজ শিপইয়ার্ডে তৈরি করা হয়েছিল এবং এটি ইস্তাম্বুল থেকে মালিকের কাছে হস্তান্তর করার পর এটি ছিল এর প্রথম যাত্রা। ১৬০ গ্রস টন ওজনের এই ইয়টটির কাঠামো ইস্পাত এবং ওপরের অংশ অ্যালুমিনিয়ামের তৈরি।