রাজস্থানের জয়সলমীর থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি বছরেরও বেশি পুরোনো একটি ফাইটোসরের জীবাশ্ম। এটি ভারতের জীবাশ্মবিদ্যার ইতিহাসে এক বিশাল মাইলফলক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই জীবাশ্মটি জুরাসিক যুগের, যা থর মরুভূমির একসময়কার জলজ পরিবেশের সরাসরি প্রমাণ দিচ্ছে। এই আবিষ্কারের ফলে ভারতের প্রাগৈতিহাসিক ভূ-ইতিহাস নতুন করে লেখা হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
কী এই ফাইটোসর?
ফাইটোসর হলো কুমিরের মতো দেখতে এক ধরনের প্রাচীন সরীসৃপ, যা প্রায় ২১০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এরা নদী ও বনাঞ্চলের আশেপাশে বাস করত। ভারতে এই প্রথম জুরাসিক শিলাস্তরে ফাইটোসরের এমন সুসংরক্ষিত জীবাশ্ম খুঁজে পাওয়া গেল। প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কঙ্কালের দৈর্ঘ্য প্রায় ১.৫ থেকে ২ মিটার।
কোথায় এবং কীভাবে মিলল এই জীবাশ্ম?
জয়সলমীর থেকে ৪৫ কিলোমিটার দূরে মেঘা গ্রামে একটি পুকুর খননের সময় এই জীবাশ্মটি আবিষ্কৃত হয়। কঙ্কালের অংশ ছাড়াও জীবাশ্ম ডিমের মতো কিছু নমুনাও পাওয়া গেছে। ভূতত্ত্ববিদ ডঃ নারায়ণ দাস ইনিখিয়া বলেছেন, এই জীবাশ্মটি জয়সলমীরের জুরাসিক যুগের পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। বর্তমানে বিজ্ঞানীরা নমুনাগুলো পরীক্ষা এবং কার্বন ডেটিং করার কাজ শুরু করেছেন, যার মাধ্যমে এর সঠিক বয়স ও পরিচয় নিশ্চিত করা যাবে। এই আবিষ্কার কেবল ভারতেই নয়, বিশ্বব্যাপী ভূতত্ত্ববিদদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।