“SIR-এর পরেই ভোটারের জন্য আসছে…?”-ভোটার কার্ড নিয়ে বড় ঘোষণা কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভোটারদের জন্য বড় খবর! নির্বাচন কমিশন জানিয়েছে, শীঘ্রই রাজ্যের সব ভোটারের হাতে তুলে দেওয়া হবে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নতুন ভোটার কার্ড। বর্তমানে বিহারে চলছে ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR), যা শেষ হলেই নতুন ভোটার কার্ড বিতরণের দিনক্ষণ জানানো হবে।

কী থাকছে নতুন ভোটার কার্ডে?

নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন ভোটার কার্ডে থাকবে ভোটারের সর্বশেষ ছবি। ভোটার তালিকার ফর্ম পূরণের সময় ভোটারদের কাছ থেকে তাদের সাম্প্রতিক ছবি জমা দিতে বলা হয়েছে। এই নতুন ছবিই ছাপা হবে নতুন ভোটার কার্ডে।

১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, বর্তমানে বিহারে মোট ৭.২৪ কোটি ভোটার রয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে।

কবে হতে পারে বিহারে নির্বাচন?

আগামী ২২ নভেম্বর বিহার বিধানসভার বর্তমান মেয়াদের শেষ হচ্ছে। আইন অনুযায়ী, তার আগেই নতুন বিধানসভা গঠন করতে হবে। সূত্র অনুযায়ী, আগামী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝির মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ভোটার তালিকায় পরিবর্তন এবং নতুন বুথ

নির্বাচন কমিশনের হিসাব বলছে, প্রায় ৯৯ শতাংশ ভোটার নিজেদের নথি জমা দিয়েছেন। নতুন করে নাম যোগ করার জন্য ৩৩,৩২৬টি আবেদন জমা পড়েছে, অন্যদিকে ২ লাখ আবেদন পড়েছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য।

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ভিড় কমাতে রাজ্যজুড়ে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে প্রতি কেন্দ্রে সর্বোচ্চ ১,৫০০ ভোটার থাকতে পারতেন, এবার সেই সংখ্যা কমিয়ে ১,২০০ জনে আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে বিহারে মোট বুথের সংখ্যা ৭৭ হাজার থেকে বেড়ে ৯০ হাজার হয়েছে।

সারা দেশেই এই পরিবর্তন

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনা শুধু বিহারের জন্য নয়, পর্যায়ক্রমে এটি সারা দেশেই কার্যকর করা হবে। পশ্চিমবঙ্গেও ২০২৬ সালের নির্বাচনে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভোটের দিনে ভিড় নিয়ন্ত্রণে রাখা যাবে এবং ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy