‘বস লেডি’ লুকেও ট্রোলড শুভশ্রী গাঙ্গুলি! অদ্ভুত পোজ নিয়ে হাসির খোরাক হলেন নেটিজেনদের কাছে

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয় এবং ব্যক্তিগত জীবন দুটোই সমান তালে সামলাচ্ছেন তিনি। সম্প্রতি প্রযোজক হিসেবেও কাজ করছেন। কিন্তু এত কিছুর পরেও ট্রোল যেন তাঁর পিছু ছাড়ছে না। কখনো ওজন বৃদ্ধি, কখনো দেহের গঠন, আবার কখনো অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করা নিয়ে তিনি বারবার সমালোচিত হয়েছেন। বরাবরই নেতিবাচক মন্তব্য এড়িয়ে চললেও নেটিজেনরা থামার পাত্র নন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ছবি পোস্ট করে আবারও ট্রোলের শিকার হলেন শুভশ্রী। ছবিতে তাঁকে সাদা রঙের একটি কর্ড সেট এবং লাল জুতোয় বেশ স্টাইলিশ দেখাচ্ছিল। হালকা মেকআপ, লাল লিপস্টিক আর পনিটেলের সঙ্গে তাঁর ‘বস লেডি’ লুকটি প্রশংসার যোগ্য হলেও, এবার তাঁর পোশাক বা লুক নিয়ে নয়, বরং তাঁর পোজ দেওয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি।

কোন পোজ নিয়ে এত বিতর্ক?

শুভশ্রী যে দুটি ছবি পোস্ট করেছেন, তার মধ্যে একটিতে তাঁকে সিঁড়ির উপর পা রেখে মেঝেতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আর এই ছবিটিই নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়েছে।

বিভিন্ন মজার মজার মন্তব্য দিয়ে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, “আমার বাড়ির দেওয়ালের টিকটিকি আমার উপর ঝাঁপ দেওয়ার আগে।” আরেকজন বলেছেন, “আমি বাড়িতে বিছানায় এইভাবে শুয়ে শুয়ে মোবাইল ঘাটি।” আরেকজন মজা করে লিখেছেন, “এইটা কোন ধরনের স্টাইল আমার মাথায় ঢুকছে না।” কেউ কেউ তো এমনও বলেছেন, “আমি ভাবলাম তিনি হয়তো পড়ে গিয়েছেন” বা “সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা মচকে যাওয়ার পর।”

একজন তো তাঁকে ‘টিকটিকি পোজ’ বলেও মন্তব্য করেছেন। এমনকি দেবের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনেও একজন লিখেছেন, “দেবের প্রেমে এইভাবেই পড়েছিল একসময়।”

কাজের খবর

শুভশ্রীর সাম্প্রতিক ছবি ‘ধূমকেতু’ প্রায় ১০ বছর পর মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এই ছবিতে বহু বছর পর দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখেছেন দর্শকরা।