স্বামীর চেহারা নিয়ে কটাক্ষ, নেটিজেনকে পাল্টা জবাব দিলেন স্বরা ভাস্কর

ভিন্ন ধর্মাবলম্বী রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকেই বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর নানা কটাক্ষের শিকার হচ্ছেন। এবার তার স্বামী ফাহাদ আহমেদের চেহারা নিয়ে অশালীন মন্তব্য করায় এক নেটিজেনকে কড়া ভাষায় জবাব দিলেন স্বরা। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সম্প্রতি স্বরা ও তার স্বামী ফাহাদ একটি জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘পতি-পত্নী অর পাঙ্গা’-তে অংশ নেন। শোয়ের কিছু ছবি স্বরা তার সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেখানেই এক নেটিজেন ফাহাদকে ‘ছাপরি’ বলে কটাক্ষ করেন এবং তার চেহারাকে ‘রাস্তার দোকানদারের’ সঙ্গে তুলনা করেন। নেটিজেনটি লেখেন, “ডোংরি থেকে ছাপরি, স্বরা স্বামীকে একটা রিয়ালিটি শোতে নিয়ে এসেছেন; স্বরার স্বামীকে পুরো রাস্তার দোকানদারদের মতো দেখতে লাগছে।”
এই কুরুচিপূর্ণ মন্তব্যে চুপ থাকেননি স্বরা। তিনি পাল্টা জবাব দিয়ে লেখেন, “এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি এটা জানেন না, ‘ছাপরি’ কথাটাও জাত তুলে কটাক্ষ করার মতোই। এটা খুবই নিম্নমানের একটি শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহৃত হয়।”
স্বরা আরও বলেন, “ডোংরি বা অন্য কোনো এলাকার রাস্তার দোকানদার হওয়া- এর মধ্যে খারাপ কিছু নেই। বুঝলেন তো, এটা কী ধরনের জাত্যাভিমানে ভরা আচরণ?” স্বরার এই স্পষ্ট এবং বলিষ্ঠ জবাব তার ভক্তদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার সাহস এবং সমাজের এই ধরনের নোংরা মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে, সমাজে এখনও বর্ণ ও জাতভিত্তিক বৈষম্য কতটা গভীর।