ট্রাম্পের শুল্কের ধাক্কায় বন্ধ হচ্ছে মার্কিন অর্ডার, কী কী আমদানিতে ‘না’ মার্কিন সংস্থাগুলির?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় রপ্তানি বাজারে। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আমেরিকার বৃহৎ খুচরো পণ্য বিক্রেতা সংস্থা যেমন ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপ ভারত থেকে পণ্য আমদানি আপাতত স্থগিত করেছে। এর ফলে ভারতীয় রপ্তানি শিল্পে বড় ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতীয় রপ্তানিকারীরা ইতিমধ্যেই আমেরিকার ক্রেতাদের কাছ থেকে ই-মেল পেয়েছেন, যেখানে বস্ত্র ও জামাকাপড়ের মতো পণ্য আপাতত পাঠানো বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এনডিটিভি প্রফিট জানিয়েছে, এই অতিরিক্ত শুল্কের কারণে যে বাড়তি খরচ হবে, তা আমেরিকার ক্রেতারা বহন করতে রাজি নন। তারা বরং ভারতীয় বিক্রেতাদেরকেই এই বাড়তি ব্যয়ভার বহন করার কথা বলেছেন।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই শুল্কের কারণে পণ্যের দাম কমপক্ষে ৩০-৩৫ শতাংশ বেড়ে যাবে, যা আমেরিকায় ভারতীয় রপ্তানি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে। এর ফলে ভারতীয় রপ্তানি শিল্পে শত শত কোটি টাকার ক্ষতি হতে পারে।

বস্ত্রশিল্পের ক্ষেত্রে আমেরিকা ভারতের অন্যতম প্রধান বাজার। ওয়েলস্পান লিভিং, গোকলদাস এক্সপোর্ট, ইন্দো কাউন্ট, এবং ট্রিডেন্ট-এর মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থাগুলির মোট বিক্রির ৪০-৭০ শতাংশ আসে আমেরিকার বাজার থেকে। এই শুল্কের কারণে তারা এখন কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতের উপর চাপানো শুল্ক অনেক বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভারতীয় সংস্থাগুলি তাদের অবস্থান হারাতে পারে। এই পরিস্থিতি ভারতের রপ্তানি অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy