মোবাইল ফোন উৎপাদন এবং আমেরিকায় রফতানির ক্ষেত্রে চিনকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে ভারত। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ ফোন চিনা সংস্থার হলেও, এবার বিশ্ব মঞ্চে মোবাইল তৈরির তথ্যে চিনকে পেছনে ফেলছে ভারত। এর নেপথ্যে মূল ভূমিকা পালন করছে আমেরিকান টেক জায়ান্ট অ্যাপেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও বেজিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ভারতে আইফোন নির্মাণে ক্রমশ জোর দিচ্ছে অ্যাপেল।
সম্প্রতি আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা এই তথ্য নিশ্চিত করেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে আমেরিকায় আমদানি করা প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি তৈরি হয়েছে ভারতে। যেখানে ২০২৪ সালে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল মাত্র ১১ শতাংশ, সেখানে এই বছর ইতিমধ্যেই সেই সংখ্যা ৩০ শতাংশে পৌঁছে গিয়েছে।
প্রকাশিত তথ্য আরও বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমেরিকা ভারত থেকে ২ কোটি ১৩ লক্ষ মোবাইল ফোন আমদানি করেছে, যার আর্থিক মূল্য ৯৩৫ কোটি ডলার। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ১৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, গত বছর পর্যন্ত আমেরিকা চিন থেকে প্রায় ৮২ শতাংশ স্মার্টফোন আমদানি করত, যা এই বছর ইতিমধ্যেই কমে ৪৯ শতাংশে নেমে এসেছে। আমেরিকায় ফোন রফতানির নিরিখে ভারত এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে, চিনের ঠিক পরেই। এই তালিকায় ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারেরও ভারতে আইফোন নির্মাণ নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। সেই কারণেই কেন্দ্র চাইছে ২০২৮ সালের মধ্যে আইফোনের অন্তত ৩০ শতাংশ সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদন করতে (লোকালাইজেশন)। এই পদক্ষেপগুলি ভারতকে বিশ্ব মোবাইল উৎপাদন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।