বেঙ্গালুরুর গোবিন্দপুরা এলাকায় জনসমক্ষে এক মহিলাকে চুমু খাওয়া ও যৌন হেনস্তার অভিযোগে মহম্মদ মারুফ সারিফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শহরজুড়ে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল যখন ওই মহিলা বাজার করার জন্য যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত মহম্মদ মারুফ সারিফ তাঁকে অনুসরণ করতে থাকে এবং হঠাৎ রাস্তার মধ্যেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। জোর করে মহিলার ঠোঁটে চুমু খেতে শুরু করে এবং তাঁর ঠোঁট কামড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনায় অত্যন্ত অস্বস্তিতে পড়ে যান ওই মহিলা। কোনো রকমে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে গিয়ে মাকে পুরো ঘটনা জানান। এরপর তিনি গোবিন্দপুরা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং যৌন হেনস্তার অভিযোগে মারুফকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে সাম্প্রতিক সময়ে জনসমক্ষে মহিলাদের প্রতি এমন অশালীন আচরণের একাধিক ঘটনা ঘটেছে। গত ৬ জুন রাস্তার মাঝে খারাপ ব্যবহার করার দুটি অভিযোগ দায়ের হয়েছিল। সন্ধ্যা ৭টা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে বেরনো এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। এর কিছুক্ষণ পরেই ওই যুবক পার্কে ঢুকে অন্য এক মহিলাকে জোর করে জড়িয়ে ধরে এবং তাঁকে চুমু খায় বলেও অভিযোগ রয়েছে।
এছাড়াও, গত ৩ জুন বেঙ্গালুরুর আরও একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, রাত প্রায় পৌনে দুটো নাগাদ দুই তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এক যুবক তাঁদের অনুসরণ করছে। এরই মধ্যে ওই যুবক এক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে যৌন হেনস্তা করতে থাকে।
পরপর এমন ঘটনাগুলিতে বেঙ্গালুরু শহরে নারী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনকে এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।





