নিরাপত্তা বিধি লঙ্ঘন! এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ডিজিসিএ-এর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি লঙ্ঘনের অভিযোগে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। বৃহস্পতিবার উড়ান নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে যে, এয়ার ইন্ডিয়া নিরাপত্তার একাধিক বিধি মেনে চলতে ব্যর্থ হয়েছে, যার ফলে সংস্থাটির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ডিজিসিএ-এর অভিযোগ, এয়ার ইন্ডিয়ার কর্মীদের অতিরিক্ত সময় ধরে কাজ করানো হচ্ছে এবং তাদের প্রশিক্ষণের ক্ষেত্রেও গাফিলতি রয়েছে। এ বিষয়ে ডিজিসিএ আরও জানিয়েছে যে, উড়ান সংস্থাটি কর্মীদের কাজের সময়, বিশ্রাম এবং প্রশিক্ষণের জন্য নির্ধারিত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করছে না।
উড়ান নিয়ন্ত্রক সংস্থার এই কড়া বার্তা এয়ার ইন্ডিয়ার জন্য এক বড়সড় ধাক্কা। ডিজিসিএ-এর এই পদক্ষেপের ফলে এয়ার ইন্ডিয়ার কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়ান সংস্থাগুলিকে কঠোরভাবে নিয়মাবলী মেনে চলতে হয়। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ সামনে আসার পর, সংস্থাটিকে তার নিরাপত্তা এবং কর্মী পরিচালনার নীতিতে জরুরি ভিত্তিতে পরিবর্তন আনতে হতে পারে।