সাতসকালে মালদহ জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড, বহু নথি নষ্টের আশঙ্কা! কিভাবে ঘটল বিপদ?

সাতসকালে মালদহ জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ ভবনের তৃতীয় তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জেলা পরিষদ ভবনের একদিকে ইংলিশবাজার পৌরসভা এবং অন্যদিকে মালদহ জেলা আদালত অবস্থিত হওয়ায়, এই অগ্নিকাণ্ড থেকে একটি বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কিন্তু দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপ ও অক্লান্ত পরিশ্রমে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন মূলত মালদহ জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনতলা ও চারতলায় ছড়িয়ে পড়েছিল। এই বিভাগগুলিতে থাকা বহু মূল্যবান নথি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকল আধিকারিক তীর্থঙ্কর দাস জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত-সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্তারা জানিয়েছেন, সোমবারই ভবনে একটি নতুন এসি বসানো হয়েছিল এবং তাতে কিছু সমস্যা হচ্ছিল। বিষয়টি ঠিকাদার সংস্থাকে জানানো হয়েছিল। মনে করা হচ্ছে, সম্ভবত ওই নতুন এসি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।