গরু নিয়ে পিটিশন দাখিল, সুপ্রিম কোর্ট বলল- “গরু তো গরুই হয়”

অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বর বালাজি মন্দিরের দেবোত্তর ভোগ ও পুজোর কাজে শুধুমাত্র দেশি গরুর দুধ ব্যবহারের দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির ম্যানেজিং ট্রাস্টকে একটি নির্দিষ্ট নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন পিটিশনকারী।
সোমবার শীর্ষ আদালতের বিচারপতি এমএম সুন্দররেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে এই পিটিশনটির শুনানি ছিল। তবে আদালত আবেদনকারীর বক্তব্য শোনার পর তা খারিজ করে দেয় এবং তাঁকে এই বিষয়ে হাইকোর্টে আবেদন করার পরামর্শ দেয়।
আবেদন খারিজ করার সময় বিচারপতি এমএম সুন্দরেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘একটি গরু গরুই হয়। সেবা করাই ঈশ্বরের প্রতি ভালবাসা ও ভক্তির প্রতীক। সেখানে এই বিষয়গুলির কোনও ভিত্তি নেই। বর্তমানে এই সমাজে এমন একাধিক সমস্যা রয়েছে, যা নিয়ে ভাবনার প্রয়োজনীয়তা রয়েছে।’
আবেদনকারীর আইনজীবী আদালতে দাবি করেন যে, আগমশাস্ত্রে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যে পুজো বা কোনও শুভ কাজে সর্বদা দেশি গরুর দুধ ব্যবহার করা উচিত। আর মন্দিরের পুজো-অর্চনা সেই শাস্ত্র মেনেই হওয়া প্রয়োজন।
সওয়ালকারীর এই যুক্তির উত্তরে বিচারপতি আরও বলেন, ‘এই ধরনের ভাবনা মানুষের তৈরি এবং ভাষা, বর্ণ, সম্প্রদায় বা রাষ্ট্রের উপর ভিত্তি করে এগুলি বেড়ে ওঠে। এরকম কোনও কিছুই ঈশ্বর কর্তৃক নির্ধারিত নয়। ঈশ্বর প্রতিটি মানুষের জন্য সমান। আপনি কি বলতে পারেন, ঈশ্বর কেবল দেশি গরুর দুধ চান?’
এরপর বিচারপতি কৌতুকের সুরে তিরুপতির বিখ্যাত লাড্ডুর প্রসঙ্গ টেনে আনেন, যা নিয়ে কিছুদিন আগে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, ‘এবার তো আপনি বলবেন, তিরুপতির লাড্ডুও দেশীয় হওয়া উচিত।’
অবশেষে শীর্ষ আদালত মামলাকারীকে হাইকোর্টে যাওয়ার অনুমতি দিয়ে পিটিশনটি খারিজ করে দেয়।