সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, জুয়ার কারবারের যোগসূত্র থাকার অনুমান পুলিশের

দক্ষিণ দিনাজপুরে রাতের অন্ধকারে এক ভয়াবহ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার গভীর রাতে বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সবজি ব্যবসায়ী মনোজিৎ সরকার (৪২)-কে লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি গুলি তাঁর শরীরে লেগেছে; একটি চোয়াল ছুঁয়ে বেরিয়ে গেলেও, অন্যটি পিঠে বিঁধেছে। ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের পরতিপাড়ায়।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় মনোজিৎ সরকারকে প্রথমে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে পরিবার চরম ধন্দে রয়েছে।
জুয়ার কারবারের যোগসূত্র ও পুলিশের তদন্ত:
পুলিশ সূত্রে জানা গেছে, মনোজিৎ সরকার সবজি ব্যবসার পাশাপাশি জুয়ার কারবারের সঙ্গেও জড়িত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই গুলি চালানোর ঘটনার সঙ্গে জুয়ার কারবারের যোগসূত্র থাকতে পারে। বংশীহারী ও হরিরামপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
ঘটনার দিন, সোমবার রাতে মনোজিৎ সরকার গাজোল থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তার গাড়িতেও গুলির চিহ্ন রয়েছে। কে বা কারা এই গুলি চালিয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার সকাল হতেই পরিবারের লোকজন মালদা হাসপাতালে রওনা দিয়েছেন। আহত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।