OMG! দাউ দাউ করে জ্বলছে আগুন, মোটরবাইকে ভয়াবহ আগুন দেখে আতঙ্কে পালালো মানুষ

সোমবার সকালে বীরভূমের নলহাটি আজিমগঞ্জ লেভেল ক্রসিংয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। রেল গেটের সামনে হঠাৎ করেই একটি মোটরসাইকেলে দাউ দাউ করে আগুন ধরে যায়, এবং নিমেষের মধ্যে সেটি পুড়ে ছাই হয়ে যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ, রেল পুলিশ এবং দমকল বাহিনী, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনার জেরে রেল গেটের সামনে প্রবল যানজট সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নলহাটির একটি মোটরসাইকেল শোরুমের এক কর্মী কোম্পানির কাজে ওই বাইকটি নিয়ে যাচ্ছিলেন। আজিমগঞ্জ লেভেল ক্রসিংয়ে পৌঁছালে রেল গেট বন্ধ থাকায় তিনি বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। গেট খোলার পর তিনি যখন মোটরসাইকেলে স্টার্ট দিতে যান, তখনই হঠাৎ বাইক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে ওই কর্মী দ্রুত বাইকটি ফেলে রেখে রাস্তার এক পাশে সরে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাইকটিতে ভয়াবহভাবে আগুন ধরে যায়।

মোটরসাইকেলে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নলহাটি থানায় জানানো হয়। দ্রুততার সঙ্গে নলহাটি থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোনো বড় দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেল গেট এলাকায় উপস্থিত লোকজনকে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। এর পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “রেল গেট পড়েছিল। অনেক গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটি বাইকে আগুন লেগে যায়। ভয় পেয়ে কেউ আর সামনে যায়নি।” এই ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।