বেঁহুশ করে ধর্ষণ! আঙ্গুল কংগ্রেসের যুবনেতার বিরুদ্ধে, তোলপাড় ওড়িশা রাজনীতি

ওড়িশার ভুবনেশ্বরে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-এর ওড়িশা সভাপতি উদিত প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, উদিত প্রধান ওই কলেজ ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে বেহুঁশ করে ধর্ষণ করেন।

অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ:

ঘটনার সূত্রপাত গত ১৮ই মার্চ। অভিযোগকারিণী তরুণী জানিয়েছেন, সেদিন মাস্টার ক্যান্টিন চকে তাঁর দুই বন্ধুর সঙ্গে দেখা হয়। সেখানে উদিত প্রধানও আসেন এবং নিজেকে যুব কংগ্রেস নেতা হিসেবে পরিচয় দেন। পরে সবাই মিলে একটি হোটেলে যান। তরুণীর অভিযোগ, হোটেলে উদিত প্রধান ঠান্ডা পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে তাঁকে অজ্ঞান করে এবং সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে।

নির্যাতিতা তাঁর অভিযোগ পত্রে আরও জানিয়েছেন, “গাড়িতে বসেই উদিত আমাকে অশোভনভাবে ছুঁতে থাকে। হোটেলে গিয়ে ওরা মদ্যপান করে, আমি করিনি। উদিত ঠান্ডা পানীয় দেয়, তারপর থেকেই আমার মাথা ঘুরতে থাকে। জ্ঞান ফেরার পরে দেখি আমার পাশে উদিত শুয়ে আছে, এবং আমার শরীর ব্যথা করছে।” এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।

উত্তাল ওড়িশা রাজনীতি:

যুব নেতার বিরুদ্ধে ধর্ষণের এই গুরুতর অভিযোগে ওড়িশার রাজনীতি আবারও তোলপাড়। এর আগেও রাজ্যে কলেজছাত্রীর আগুন দিয়ে আত্মহত্যা এবং ছাত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার মতো মর্মান্তিক অভিযোগ উঠেছে। এই ঘটনার পর বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিরোধীরা ইতিমধ্যেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। কংগ্রেসের তরফে যদিও দলের এই নেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উদিত প্রধানকে ইতিমধ্যেই জেরা করা হচ্ছে। অভিযোগকারিণী তরুণীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আরও তথ্য হাতে আসার অপেক্ষায় রয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। পুলিশ ইতিমধ্যে ওই হোটেলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে। সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অপরাধীর শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রশাসন জানিয়েছে। তবে, এই ঘটনায় সাধারণ মানুষ আবারও প্রশাসনের দিকেই আঙুল তুলেছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।