শমীক জমানাতেও ‘ব্রাত্য’ দিলীপ, দিল্লি গিয়ে দেখা মিলল না জে পি নাড্ডার, ফিরতে হল শূন্য হাতে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভায় ‘ব্রাত্য’ থাকার পর দিল্লি গিয়েও অভিমান মিটল না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে গিয়েও তাঁর দেখা পেলেন না দিলীপ। কার্যত শূন্য হাতেই ফিরতে হল এই দাপুটে বিজেপি নেতাকে। যদিও এ বিষয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন, কেবল বলেছেন, “যা বলার সময় মতো বলবেন।” তবে শোনা যাচ্ছে, বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গে আবারও দিলীপের দেখা হতে পারে।

প্রধানমন্ত্রীর সভামঞ্চে দিলীপ ঘোষ থাকবেন কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল। কখনও শোনা গিয়েছিল, দলের তরফে আমন্ত্রণপত্র পৌঁছেছে তাঁর কাছে। যদিও পরে তিনি নিজেই দাবি করেন যে বঙ্গ বিজেপি তাঁকে আমন্ত্রণ জানায়নি। তবে দিলীপ বলেছিলেন, একজন কর্মী হিসেবে তিনি সভায় যাবেন। শুক্রবার সকালে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি রওনা হন বিজেপি নেতা। সেই সময় জানা গিয়েছিল, জে পি নাড্ডার তলবেই নাকি তিনি দিল্লি পাড়ি দিয়েছেন।

এদিন দিল্লি পৌঁছে ঘড়ির কাঁটায় ঠিক একটা নাগাদ দিলীপ ঘোষ জে পি নাড্ডার বাড়িতে যান। কিন্তু মাত্র মিনিট পাঁচেকের মধ্যেই তার গাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। জানা যায়, নাড্ডার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। এই ঘটনা দিলীপ ঘোষের প্রতি দলের ‘দূরত্ব’ আরও স্পষ্ট করে দিয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। একদিকে যখন রাজ্যে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ জনসভা চলছে, ঠিক সেই সময়ে দিলীপ ঘোষের দিল্লি সফর এবং নাড্ডার সঙ্গে দেখা না হওয়া— এই সবকটি ঘটনা বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে আরও বেশি করে প্রকাশ্যে এনেছে। এখন দেখার, বিকেলের সম্ভাব্য সাক্ষাৎ কতটা অভিমান মেটাতে পারে এবং দিলীপ ঘোষ দিল্লি থেকে ফিরে কী বার্তা দেন।