IIT-খড়্গপুরে ফের শোকের ছায়া, হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় ছাত্রের দেহ উদ্ধার, চাঞ্চল্য ঘটনায়

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে ফের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ক্যাম্পাসের রাজেন্দ্র প্রসাদ হলের একটি রুম থেকে ঋতম মণ্ডল (Ritam Mandal) নামে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে এবং ছাত্রমৃত্যুর কারণ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে ঋতমের বন্ধুরা তাঁকে ডাকতে এসে ঘরের দরজা বন্ধ দেখেন। বহুবার ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় তারা হস্টেল কর্তৃপক্ষকে খবর দেন। হস্টেল ম্যানেজার দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দরজা ভেঙে ঋতমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গেই খড়্গপুর টাউন থানায় খবর দেওয়া হয়।
খড়্গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বি.সি. রায় হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঋতমের বাবা উত্তম কুমার মণ্ডলকে খবর দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে আইআইটি খড়্গপুরে বেশ কয়েকটি ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে, যা নিয়ে ক্যাম্পাস এবং শিক্ষামহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে গত বছরও একাধিক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে, যার তদন্ত এখনও চলছে। ঋতম মণ্ডলের এই অকালমৃত্যু আবারও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এই ঘটনার গভীরে গিয়ে প্রকৃত কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছে।