“মহাকাশে দলিত কেন নয়?”-শুভাংশু শুক্লার জয়কে ঘিরে প্রশ্ন তুলে সমালোচিত কংগ্রেস নেতা

ভারতের নভোচর শুভাংশু শুক্লার মহাবিশ্ব জয় করে পৃথিবীতে ফেরার ঐতিহাসিক ঘটনাকে ঘিরেও রাজনীতির পারদ চড়েছে। কংগ্রেসের নেতা উদিত রাজ বিতর্কিত মন্তব্য করে বলেছেন, “শুভাংশু নয়, কোনও দলিতকে পাঠানো উচিত ছিল মহাকাশে।” তাঁর এই মন্তব্যে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

মেধা বনাম সংরক্ষণের বিতর্ক উস্কে দিলেন উদিত রাজ
উদিত রাজ তাঁর মন্তব্যে ‘মেধা বনাম সংরক্ষণ’-এর পুরোনো বিতর্ক উস্কে দিয়েছেন এবং এতে জড়িয়ে ফেলেছেন দেশের জন্য মাইলস্টোন তৈরি করা নভোচর শুভাংশু শুক্লাকে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এয়ার ফোর্সের পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকেই Axiom-4 মিশনের জন্য বেছে নেওয়া হলো, কেন কোনো দলিতকে মহাকাশে পাঠানো হলো না।

মঙ্গলবার উদিত রাজ বলেন, “আমি অবাক হয়ে যাচ্ছি। যখন রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন তখন SC/ST/OBC গোষ্ঠী থেকে কেমন শিক্ষিত ব্যক্তি ভারতে ছিল না। তবে এবার তো অন্তত পিছিয়ে পড়া গোষ্ঠী থেকে কাউকে বেছে নেওয়া যেত। আমার মতে এবার দলিত কাউকে পাঠানো উচিত ছিল মহাকাশ মিশনে।”

শুভাংশু শুক্লার ঐতিহাসিক প্রত্যাবর্তন
ভারতের দ্বিতীয় নভোচর হিসেবে মহাকাশে যাত্রা করে ফিরেছেন শুভাংশু শুক্লা। তিনি প্রথম ভারতীয় নভোচর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন। ১৮ দিনের অভিযান শেষে তিনি পৃথিবীতে ফিরে এলেন। ৪ সদস্যের স্পেস-এক্স ড্রাগন ক্যাপসুল এদিন প্রশান্ত মহাসাগরে ‘স্প্ল্যাশডাউন’ করে। ক্যালিফোর্নিয়ার উপকূলে সাড়ে ২২ ঘণ্টার জার্নি শেষে নামেন তাঁরা।

উদিত রাজের মন্তব্যের নেপথ্যে
প্রসঙ্গত, উদিত রাজ ২০১৯ সালে বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছিলেন। তিনি নিজেও একজন দলিত এবং তাঁকে ভোটের টিকিট দেওয়া হয়নি বলেই তিনি দল ছেড়েছিলেন। তাঁর এই মন্তব্যের মাধ্যমে পিছিয়ে পড়া জনজাতির মানুষদের জন্য মহাকাশ অভিযানের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, “এমন তো নয় যে নাসা কোনো পরীক্ষা নিয়েছিল তারপর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেউ মহাকাশে যাওয়ার সুযোগ পেয়েছেন। তাহলে তো কোনো দলিত কিংবা OBC গোষ্ঠীর প্রতিনিধিকে শুক্লাজির বদলে মহাকাশে পাঠানোই যেত।”

সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া
কংগ্রেস নেতার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় ভারতের এই সাফল্য নিয়ে এহেন মন্তব্যকে নেটিজেনরা মোটেই ভালোভাবে নেননি। জাতপাতের রাজনীতির সঙ্গে শুভাংশু শুক্লার এই মাইলস্টোনকে গুলিয়ে ফেলা চূড়ান্ত অন্যায় হিসেবেই দেখছেন তারা।

একজন এক্স হ্যান্ডল ইউজার লিখেছেন, “উদিত রাজের মতে তাহলে স্পেস মিশন আসলে লাকি ড্র প্রতিযোগিতা। সরি শুক্লাজি, আজকে দলিত ডে। আপনারই সরে যাওয়া উচিত ছিল।” অন্য এক নেটিজেন লিখেছেন, “কেউ প্লিজ উদিত রাজকে বোঝান, এটা বিগ বস নয়। জাত দেখে মহাকাশচারী বেছে নেওয়া হয় না। যোগ্যতার ভিত্তিতে বাছা হয় তাদের।” কেউ আবার বলছেন, “লজ্জা হওয়া উচিত। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার ঐতিহাসিক মিশনকে স্যালুট জানানোর বদলে কংগ্রেসের এই নেতা জাতপাতের রাজনীতি করছেন।”

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও উদিত রাজের একাধিক মন্তব্য দলের অন্দরেই অস্বস্তি বাড়িয়েছে। কিছুদিন আগে তিনি নিজের দলেরই সাংসদ শশী থারুরকে ‘সুপার বিজেপি মুখপাত্র’ বলে কটাক্ষ করেছিলেন। শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক অর্জনকে ঘিরে এমন রাজনৈতিক বিতর্ক কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy