ইসরায়েল সিরিয়ার সুইদা শহর ও লেবাননের বাক্কা উপত্যকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে সিরিয়ার দ্রুজ সংখ্যাগুরু শহর সুইদায় দ্রুজ ও বেদুঈন জাতির মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছিল। এই সংঘর্ষ ঠেকাতে সিরিয়ার সরকারি বাহিনী ট্যাংকসহ ভারী অস্ত্র নিয়ে শহরটিতে প্রবেশের চেষ্টা করলে ইসরায়েল তাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে বেশ কয়েকটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। আজ মঙ্গলবার সিরীয় বাহিনী শহরটিতে প্রবেশ করার পর সেখানে আবারও হামলা চালিয়েছে।
দ্রুজরা একটি আলাদা ধর্মের অনুসারী। ইসরায়েল দাবি করেছে যে, তারা দ্রুজদের কোনো ক্ষতি হতে দেবে না, সিরিয়ার সেনাদের ওপর হামলা চালিয়েছে। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা পরবর্তীতে জানিয়েছেন যে, দ্রুজ ও বেদুঈনরা যুদ্ধবিরতিতে পৌঁছেছে।
লেবাননে হামলা: হিজবুল্লাহকে দমনের হুমকি
অপরদিকে, লেবাননের বাক্কা উপত্যকায় সিরিজ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের সেনারা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছিল। এ কারণে সেখানে হামলা চালানো হয়েছে। যদি হিজবুল্লাহ আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে, তাহলে পুনরায় হামলা চালানোর হুমকিও দিয়েছেন ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী।
টাইমস অব ইসরায়েলের সূত্র অনুযায়ী, এই হামলাগুলো আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপগুলোকে অনেকে সিরিয়া ও লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছেন।