“রাস্তায় ঘুরছিলেন, অসংলগ্ন কথাবার্তা”-বাংলা চ্যানেলের অভিনেত্রীকে উদ্ধার করলো পুলিশ

সোমবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয়রা। কালো শার্ট আর শর্টস পরে, ছোট চুলে বিনুনি করা এক তরুণী অঝোর ধারায় বৃষ্টির মধ্যে বর্ধমান-আরামবাগ সড়কের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর কথায় অসঙ্গতি এবং উদ্ভ্রান্ত আচরণ দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান। পরে পুলিশ তাঁকে খণ্ডঘোষের আমিলা বাজার থেকে উদ্ধার করে।

রাস্তায় অভিনেত্রীর আগমন:
স্থানীয়রা জানান, এদিন দুপুর থেকে বর্ধমান-আরামবাগ সড়ক ধরে ওই তরুণীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায়। সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হলে তিনি আমিলা বাজারের একটি বিশ্রামাগারের দিকে ছুটে আসেন।

বিশ্রামাগারে উপস্থিত থাকা কিছু যুবক জানান, “হঠাৎ দেখি, আমরা যেখানে বসেছিলাম, উনিও এসে বসলেন। কথাবার্তা শুনে কেমন একটা মনে হল। অসংলগ্ন। দেখি তাঁর হাতে একটা ব্যাগ। সেখানেই খাতায় ফোন নম্বর ছিল। ফোন করায়, উল্টো দিক থেকে একজন গাড়ির চালক ফোন ধরেন। উনিই বলেন, এই দিদি বোলপুরের হস্টেলে থাকতেন। আসল বাড়ি বেহালায়।”

অভিনেত্রীর পরিচয় ও অসংলগ্ন কথাবার্তা:
ওই তরুণী দাবি করেন, তিনি বাংলার এক জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রী ছিলেন এবং নাচও করতেন। তিনি যে নাম বলেন, ফেসবুকে সার্চ করে দেখা যায়, সেই প্রোফাইলের নাম-ছবির সঙ্গে তাঁর চেহারার মিল রয়েছে।

তরুণী নিজেই বলেন, “বাড়ি বেহালায়। তবে অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি। মা আছেন বাড়িতে। আর কে আছেন, এই মুহূর্তে আমি ঠিক জানি না। তাই এ সব নিয়ে না কথা বলাই ভালো। এ গুলো খুবই ব্যক্তিগত কথাবার্তা। এখন আমি বোলপুর থেকে এসেছি। এক সময়ে অভিনয়, নাচ করতাম। এখন আমি ফ্রি বার্ড। মাটির টানে আমি এখানে। আজই বোলপুর থেকে এলাম।”

তবে কী ভাবে তিনি বোলপুর থেকে খণ্ডঘোষে এলেন, কেনই বা রাস্তায় ঘুরছিলেন, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি। খণ্ডঘোষ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই তরুণীর মানসিক অবস্থা এবং তাঁর পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy