নারীর মেজাজ পরিবর্তন, ‘ন্যাকামি’ নয়, বুঝুন হরমোনের খেলা ও সংবেদনশীল মন!

খুব কম সংখ্যক পুরুষই আছেন যারা মেয়েদের ‘মুড সুইং’ বা মেজাজ পরিবর্তন-এর গভীরতা বোঝেন, বা বুঝলেও গুরুত্ব দিতে চান না। কিন্তু এই ‘মুড সুইং’ আসলে কোনো ন্যাকামি বা ইচ্ছাকৃত আচরণ নয়, বরং এটি বেশিরভাগ নারীর জীবনে এক নীরব বাস্তবতা, যা হরমোনের ভারসাম্যহীনতা, মাসিক চক্র এবং অন্যান্য জৈবিক কারণে ঘটে থাকে। দুঃখজনক হলেও সত্য, এই বিষয়টি প্রায়শই ভুল বোঝাবুঝির জন্ম দেয়।

যখন আপনার মা, বোন, বান্ধবী, প্রেমিকা, স্ত্রী কিংবা কন্যাকে অকারণে আবেগপ্রবণ হতে, রাগ করতে, কাঁদতে, চিৎকার করতে বা হতাশাগ্রস্ত হতে দেখেন, তখন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি। কারণ তারা স্বেচ্ছায় এমনটা করেন না। হরমোনের প্রভাব তাদের আচরণে আকস্মিক পরিবর্তন আনে এবং তারা ‘ওভার রিঅ্যাক্ট’ করে ফেলে। সমাজ তখন তাদের ‘সাইকো’ আখ্যা দেয়, অথচ তারা আবেগ ও মায়া-মমতায় ভরা একজন মানুষ মাত্র।

ভেতরের যুদ্ধ:
মুড সুইংয়ে ভোগা নারীরা সত্যিই পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণীদের মধ্যে অন্যতম। তারা নিজেদের ভেতরের অস্থিরতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে আপনার-আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করতে চায়। কিন্তু এই লড়াইয়ে তারা মাঝেমধ্যেই হেরে যায় এবং আবেগের বশবর্তী হয়ে অপ্রত্যাশিত আচরণ করে ফেলে। তাদের এই আচরণ ইচ্ছাকৃত নয়; বরং এটি তাদের শরীরের হরমোনের প্রভাবেই ঘটে। অনেক সময় তারা নিজেরাও জানে না কিভাবে এই মুড সুইং সামলাতে হয়।

কাছের মানুষদের প্রতি প্রত্যাশা:
নারীদের এই মেজাজের পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রিয় মানুষদের সঙ্গেই ঘটে। এই মুহূর্তে হয়তো সে খুব হাসিখুশি, কিন্তু পরক্ষণেই দেখা গেল তার আচরণ পাল্টে গেছে। প্রায়শই এর কারণ হয়, সে আপনার কাছ থেকে মনে মনে কিছু আশা করছে, যা প্রকাশ করতে পারছে না। সে চায় আপনি তাকে বুঝুন, তার অব্যক্ত চাওয়া পূরণ করুন। কিন্তু যখন দেখে যে তার প্রিয় মানুষটি তার চাওয়া পূরণ করা তো দূরের কথা, বুঝতেই পারেনি সে কী চায়, তখনই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আশা পূরণের ব্যর্থতা নিমিষেই তাকে পাল্টে দেয়, যার ফলে সে আপনার সঙ্গে ‘ওভার রিঅ্যাক্ট’ করে ফেলে।

সহানুভূতিশীল হওয়া প্রয়োজন:
এর কিছুক্ষণ পরেই হয়তো সে আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আপনি তার মুড সুইং-এর ব্যাপারটা ধরতে পারেননি বলে হয়তো তার সঙ্গে তাল মিলিয়ে আপনিও খারাপ আচরণ করে বসেন, বা তাকে এড়িয়ে চলেন। এর ফলস্বরূপ, এই মুড সুইং হওয়া মেয়েটি ধীরে ধীরে সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়, বিষণ্ণতায় ভোগে।

তাদেরকে ‘ন্যাকা’, ‘এইমলেস’ ইত্যাদি বলে রূঢ় আচরণ না করে বরং এমন একজন হয়ে উঠুন, যার কাঁধে মাথা রেখে তারা কাঁদতে পারে। যার কাছে মন খুলে সব কথা বলতে পারে। আপনি কি জানেন? যখন মেয়েদের সবকিছু ভুল মনে হতে থাকে, নিজেকেই নিজের আর সহ্য না হয়, সবকিছু অর্থহীন মনে হয়, তখনই তাদের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে! আর ঠিক সেই মুহূর্তে তাদের প্রয়োজন হয় একজন শ্রোতা—যে খুব মনোযোগ দিয়ে তাদের ভীষণ অগোছালো ও অর্থহীন কথাগুলো কেবলই শুনে যাবে। এই কথাগুলো বলার মাধ্যমেই সে হয়তো নিজেকে হালকা অনুভব করবে।

বাঙালি সমাজে দুর্ভাগ্যবশত মেয়েদের এই মুড সুইংকে প্রায়শই ‘ন্যাকামি’ মনে করা হয়। আর এর ফলস্বরূপ, মানসিক স্বাস্থ্যের যত্ন না নেওয়ার কারণে বেশিরভাগ নারী ডিপ্রেশনে ভোগেন। তাই, তাদের একটু বুঝুন, দেখবেন ঘনঘন মুড সুইং হওয়া মেয়েটি আসলে ‘সাইকো’ নয়, সেও কিন্তু লক্ষ্মী একটি মেয়ে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy