উল্টো রথের বিপত্তি, রথের চূড়া ভেঙে ২ পুণ্যার্থী আহত, ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

উৎসবের আনন্দ বিষাদে পরিণত হতে যাচ্ছিল কোচবিহারের দিনহাটায়। উল্টো রথযাত্রার চরম বিশৃঙ্খলার মধ্যে রথের চূড়ার একাংশ ভেঙে পড়ে আহত হয়েছেন দুই পুণ্যার্থী। শনিবার সন্ধ্যায় দিনহাটার বড়নাচিনা সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর সেখানে হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে এই বিপত্তি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটায় উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছিল। রথটি বড়আটিয়া বাড়ি থেকে দিনহাটা বড়নাচিনা বাঁশতলা এলাকার দিকে যাচ্ছিল। রথ আসার পথে বিপুল জনসমাগম হয়েছিল। রথ যখন বড়নাচিনা বাঁশতলা এলাকায় প্রবেশ করবে, ঠিক সেই সময়ই ঘটে দুর্ঘটনা। রাস্তার উপরে থাকা কেবল তার রথের চূড়ায় আটকে যায়। এর ফলেই রথের চূড়ার একটি অংশ ভেঙে ভক্তদের মাথার উপর পড়ে। এই ঘটনায় ভারতী বর্মন এবং দুলাল আর্য নামের দুই পুণ্যার্থী মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান।

আহত দুলাল সংবাদমাধ্যমকে জানান, “বড়নাচিনা রোডে রথ আসতেই হঠাৎ রথের চূড়া কেবল পরিষেবার তারে লেগে ভেঙে পড়ে। আমি তখন রথের দড়ি ধরেই ছিলাম। চূড়ার ভাঙা অংশ মাথায় লাগার পরই আমার মাথা ফেটে যায়। আরও এক মহিলারও মাথায় আঘাত লাগে।” যদিও বর্তমানে আহত দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

এই ঘটনা গত সপ্তাহে হুগলিতে রথযাত্রার দিনে ঘটা একই ধরনের দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। টি.এন. মুখার্জি রোড ধরে কালীপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছে রথের চূড়া ভেঙে বিপত্তি ঘটেছিল। সেই ঘটনায় তিনজন ভক্ত আহত হয়েছিলেন এবং পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। দিনহাটার এই ঘটনা আবারও রথযাত্রাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy