রেস্টুরেন্টের মতো ‘ফিশ ফ্রাই’ তৈরি করুন বাড়িতেই, কয়েক মিনিটেই!

মাছে-ভাতে বাঙালির পাতে মাছের নতুন নতুন পদ যোগ হচ্ছে নিয়মিত। মাছ খাওয়ার নানা ধরনের প্রক্রিয়া এখন মানুষের কাছে পরিচিত। বিশেষ করে রেস্টুরেন্টের ফিশ ফ্রাই বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার আপনি চাইলে খুব সহজে বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদে ফিশ ফ্রাই তৈরি করে ফেলতে পারেন। রইল তার সহজ রেসিপি।
উপকরণ:
ভেটকি মাছ ফিলে: ২ পিস
পাতি লেবুর রস: পরিমাণমতো
ধনেপাতা বাটা: ১ চামচ
আদা ও রসুন বাটা: ১ চামচ
কাঁচা লঙ্কা বাটা: আধা চামচ
গোলমরিচের গুঁড়ো: সামান্য পরিমাণ
লবণ: স্বাদমতো
কাঁচা ডিম: ১টা
কর্নফ্লাওয়ার: ১ চামচ
বিস্কুটের গুঁড়ো: পরিমাণমতো
ভাজার জন্য: তেল
প্রণালী:
১. প্রথমে মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন।
২. এরপর মাছের ফিলেতে পাতি লেবুর রস, লবণ এবং গোলমরিচ ভালো করে মাখিয়ে নিন। এভাবে ৩০ মিনিট রেখে দিন।
৩. ৩০ মিনিট পর, ধনেপাতা বাটা, আদা-রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা ওই ফিলে দুটির মধ্যে ভালো করে মিশিয়ে দিন। এভাবে অন্তত ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। (যত বেশি সময় ম্যারিনেট করবেন, স্বাদ তত ভালো হবে)।
৪. একটি বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন ডিমের মধ্যে যেন কোনো দলা পাকানো না থাকে।
৫. ম্যারিনেট করা মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে ডুবিয়ে তুলে নিন।
৬. একটি বড় পাত্রে আগে থেকে বিস্কুটের গুঁড়ো রাখুন। ডিমের গোলায় ডুবানো মাছের ফিলেগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিন। মাছের দু’পিঠই টাইট করে কোট করবেন, যাতে কড়াইতে ভাজার সময় কোটিং খুলে না যায়।
৭. কড়াইতে তেল ভালো করে গরম করে নিন। তেল পর্যাপ্ত গরম হলে তাতে ফিলেগুলো সাবধানে দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
৮. সোনালি ও মচমচে হয়ে গেলে তেল থেকে তুলে নিন।
গরম গরম ফিশ ফ্রাই এবার কাসুন্দি, গ্রিন চাটনি অথবা আপনার পছন্দের যেকোনো সসের সঙ্গে পরিবেশন করুন। এই সহজ রেসিপি অনুসরণ করে বাড়িতেই উপভোগ করুন রেস্টুরেন্টের স্বাদের ফিশ ফ্রাই!