৬০ সেকেন্ডে ঘুম! রাতের অনিদ্রা দূর করবে প্রাচীন যোগ মেডিটেশনের ‘৪-৭-৮ রীতি’

সারাদিন ক্লান্তি থাকলেও রাতে বিছানায় গেলেই চোখ থেকে ঘুম উধাও? এমন সমস্যায় ভোগেন বহু মানুষ। বর্তমান সময়ে ইনসমনিয়ার সমস্যার পাশাপাশি ঘুমের আগে মোবাইল ঘাঁটাঘাঁটি করার প্রবণতাও এর অন্যতম কারণ। মোবাইলের ব্লু-লাইট এবং রেডিয়েশন ঘুমের ভাব নষ্ট করে দেয়, যার ফলে সহজে ঘুম আসতে চায় না।

যারা বালিশে মাথা রাখার দশ বা পনের মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যেতে পারেন, তাদের ঈর্ষা করার দিন এবার শেষ হতে চলেছে। কারণ, একটি চমৎকার কার্যকর প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করে আপনিও ৬০ সেকেন্ড তথা ১ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে পারবেন।

‘৪-৭-৮ রীতি’ – কী এই পদ্ধতি?
এই পদ্ধতিটির নাম হলো ‘৪-৭-৮ রীতি’। এর নামকরণ হয়েছে পদ্ধতিটি অনুসরণের ধাপ অনুসারে। এটি প্রয়োগের জন্য যা করতে হবে:

১. বিছানায় আরামদায়ক ভঙ্গীতে শুয়ে পড়ুন।
২. এরপর খুব স্বাভাবিকভাবে নাকের সাহায্যে চার সেকেন্ড ধরে নিঃশ্বাস গ্রহণ করুন।
৩. পরবর্তী সাত সেকেন্ডের জন্য নিঃশ্বাস আটকে রাখুন।
৪. সবশেষে আট সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন।

এই পদ্ধতিটি নিয়ম ও সময় মেনে পরপর কয়েকবার পুনরাবৃত্তি করলে সহজেই ঘুমিয়ে পড়া যাবে।

কেন এই পদ্ধতি কার্যকর?
‘৪-৭-৮ রীতি’ সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। হার্ভার্ডের মেডিক্যাল ডাক্তার অ্যান্ড্রু ওয়াইল জানান, এটি মূলত ভারতীয় যোগ মেডিটেশনের একটি পদ্ধতি, যা শত শত বছরের পুরনো। তিনি বলেন, “দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য এটাই একমাত্র সহজ ও সুবিধাজনক পদ্ধতি।”

এই পদ্ধতিটি মানার মাধ্যমে সম্পূর্ণভাবে মানসিক প্রশান্তি পাওয়া যায়, মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয়। পাশাপাশি শ্বাসপ্রশ্বাস নিয়মিত হয়, হার্টবিট স্বাভাবিক হয় এবং পুরো শরীর রিল্যাক্স হয়। সহজ ভাষায় বলতে গেলে, এই পদ্ধতিটি শরীর ও মনের জন্য একেবারেই প্রাকৃতিক সিডাটিভ (ঘুম পাড়ানি ওষুধ) হিসেবে কাজ করে।

ডাক্তার অ্যান্ড্রু পরামর্শ দেন, টানা কয়েক সপ্তাহ অথবা মাসের জন্য প্রতিদিন রাতে এই পদ্ধতিটি মেনে চলার। এতে করে একটি নির্দিষ্ট নিয়মের মাঝে শরীর অভ্যস্ত হয়ে যাবে এবং ঘুমজনিত সমস্যাগুলো দূর হবে। প্রয়োজন হলে পরবর্তীতে এই নিয়ম বদলে নেওয়া যেতে পারে।