প্রতিদিন দাড়ি শেভ করছেন? ত্বকের জন্য কতটা ক্ষতিকর এই অভ্যাস?

অনেক পুরুষেরই রোজ দাড়ি শেভ করার অভ্যাস থাকে। কেউ প্রয়োজনে, কেউ বা শখ অথবা অভ্যাসের কারণে প্রতিদিন দাড়ি কাটেন। বিশেষ করে যারা অফিসে যান, তাদের নিয়মিত শেভ করা এক প্রকার আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই অভ্যাসটি আপনার ত্বকের জন্য কতটা ভালো? সম্প্রতি ‘হেলথলাইন’ জার্নালে প্রকাশিত বিশেষজ্ঞদের মতামত এ বিষয়ে নতুন তথ্য সামনে এনেছে।

বিশেষজ্ঞদের বেশিরভাগেরই মত, প্রতিদিন দাড়ি ছাড়া পরিষ্কার চেহারা দেখতে যতই ভালো লাগুক না কেন, আসলে এটি ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।

কেন প্রতিদিন শেভ করা ক্ষতিকর?
চিকিৎসকেরা জানাচ্ছেন, দাড়ি নিয়মিত কাটলে লোমকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায়। এর ফলে সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধতে পারে এবং সংক্রমণ ঘটাতে পারে। দাড়ি না কাটলে ক্রমশ উন্মুক্ত লোমকূপের গোড়াগুলো বন্ধ হয়ে আসে এবং জীবাণুগুলোও মরে যায়। কিন্তু রোজ দাড়ি শেভ করলে এই গোড়াগুলো বন্ধ হতে পারে না, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়তেই থাকে।

প্রতিদিন দাড়ি কাটানোর কুফল:
চিকিৎসকদের দাবি, ত্বকের সাধারণ সংক্রমণগুলো নিয়মিত দাড়ি শেভ করার কারণেই হয়ে থাকে। ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানিসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে তা বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

শেভ করার সঠিক উপায় ও সতর্কতা:
চিকিৎসকদের মতে, ১-২ দিন অন্তর দাড়ি শেভ করা ভালো। এতে ত্বককে কিছুটা বিশ্রাম দেওয়া যায় এবং লোমকূপগুলো বন্ধ হওয়ার সুযোগ পায়। শেভ করার আগে ত্বককে প্রস্তুত করাও জরুরি:

শেভের আগের রাতে ক্রিম: শেভ করার আগের রাতে ত্বকে অল্প ক্রিম লাগাতে পারেন, যা ত্বককে নরম রাখবে।
জেল বা শেভিং ক্রিম: শেভ করার সময় ভালো করে জেল বা শেভিং ক্রিম মাখিয়ে নিতে পারেন। এতে শেভিংয়ের ফলে ত্বকের ঘর্ষণ কমে এবং সংক্রমণের আশঙ্কা কিছুটা কমে।
পরিষ্কার রেজার: সবসময় পরিষ্কার ও ধারালো রেজার ব্যবহার করুন। অপরিষ্কার রেজার ত্বকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে।
আফটারশেভ: শেভের পর অ্যান্টিসেপটিক গুণসম্পন্ন আফটারশেভ ব্যবহার করতে পারেন, যা ত্বককে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে।