কালকাজি মন্দিরের পার্কে ভুয়ো পুলিশ সেজে হাড়হিম করা কাণ্ড! ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে পাকড়াও এক

রাজধানী দিল্লির বুকে ফের এক নক্কারজনক ও চাঞ্চল্যকর অপরাধের ঘটনা সামনে এল। সোমবার সন্ধ্যায় কালকাজি মন্দির সংলগ্ন আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক নাবালিকাকে ভুয়ো পুলিশ সেজে গণধর্ষণ করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনার পরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে তিন অভিযুক্তকে চিহ্নিত করার পর মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে এক সংক্ষিপ্ত গুলির লড়াইয়ে মূল অভিযুক্ত আসিফকে গ্রেফতার করা হয়েছে। এনকাউন্টারে তার পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ১৭ বছরের এক বন্ধুকে সঙ্গে নিয়ে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে ওই নাবালিকা। এরপর সাড়ে সাতটা নাগাদ তারা মন্দিরের পাশের একটি পার্কে গেলে ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন ব্যক্তি তাদের ঘিরে ধরে। নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দিয়ে ওই তিন ব্যক্তি তাদের কড়া ভাষায় হুমকি দেয়। এরপর নাবালিকার বন্ধুকে আটকে রেখে তিনজনে মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ঘটনার পরই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এরপরই চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। মঙ্গলবার ভোরে আসিফ নামের ওই অভিযুক্তকে ধরার সময় সে পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে আসিফের ডান পায়ে গুলি লাগে এবং তাকে কাবু করা হয়। এই ঘটনায় পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। বাকি দুই পলাতক অভিযুক্তের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।