সকালে কফি ছাড়া চলে না? অতিরিক্ত কফি পানে ডেকে আনছেন যে ৭ বিপদ!

সকালের শুরুটা এক কাপ চা বা কফি দিয়ে না হলে অনেকেরই দিন শুরু হয় না। অফিস থেকে আড্ডা, সবখানেই চা-কফির অবাধ আনাগোনা। তবে কিছু মানুষ আছেন যারা দিনে কয়েকবার অর্থাৎ অতিরিক্ত পরিমাণে কফি পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয় এবং এর ভয়াবহ পরিণতি হতে পারে। কফি শরীরকে সতেজ করে তুললেও, অতিরিক্ত ক্যাফিন সেবন নানা শারীরিক সমস্যার জন্ম দিতে পারে।

অতিরিক্ত কফি পানের ৭টি ভয়ানক বিপদ:
১. মাথাব্যথা: মাঝে মাঝে পর্যাপ্ত পরিমাণে ক্যাফিন মাথাব্যথার উপসর্গ কমাতে সাহায্য করে। কিন্তু মাত্রাতিরিক্ত ক্যাফিন বিপরীত প্রভাব ফেলতে পারে, যার ফলে তীব্র মাথাব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে।

২. ওজন বৃদ্ধি: প্রতিদিন দুধ, ক্রিম এবং চিনি দিয়ে একাধিক কাপ কফি পান করলে ক্যালরির গ্রহণ বেড়ে যায়, যা সহজেই ওজন বৃদ্ধির কারণ হতে পারে। এছাড়াও, অতিরিক্ত কফি সেবনের ফলে অনিদ্রার সমস্যা দেখা দেয়, যা পরোক্ষভাবে ওজন বৃদ্ধির জন্য দায়ী।

৩. ক্লান্তি ভাব: চা, কফি এবং অন্যান্য ক্যাফিনযুক্ত পানীয় সাময়িকভাবে শক্তি বাড়ালেও, অতিরিক্ত ক্যাফিনের সেবন বিপরীত প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, ক্যাফিনের প্রভাব কমে যাওয়ার পর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ক্লান্তি অনুভব হয়।

৪. উদ্বেগ বাড়িয়ে দেয়: পরিমিত মাত্রায় কফি উদ্বেগ কমাতে সাহায্য করলেও, মাত্রাতিরিক্ত কফি সেবন উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। অত্যধিক পরিমাণে কফি পান করার ফলে বিরক্তি বোধও বাড়তে পারে এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।

৫. অনিদ্রা: অলসতা দূর করতে কফি কার্যকর হলেও, অতিরিক্ত ক্যাফিন সেবন অনিদ্রার কারণ হতে পারে। বিশেষ করে রাতের দিকে কফি পান করলে ঘুমের সমস্যা হয়, যা দীর্ঘমেয়াদী অনিদ্রায় রূপ নিতে পারে।

৬. পেটের সমস্যা: অনেকেই সকালবেলা কফি খেতে পছন্দ করেন। কফি গ্যাস্ট্রিন নামক একটি হরমোন নিঃসরণে সাহায্য করে, যা কোলনের কার্যকলাপে গতি বাড়ায়। তবে অতিরিক্ত কফির সেবনের ফলে পেটের বিভিন্ন সমস্যা, যেমন – অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া এবং হজমের সমস্যা দেখা দিতে পারে।

৭. হৃদস্পন্দন দ্রুত হয় ও রক্তচাপ ওঠানামা: অতিরিক্ত কফি পান শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে, যা হৃদস্পন্দনকে দ্রুততর করতে পারে। ক্যাফিনের উচ্চ মাত্রায় গ্রহণ হৃদস্পন্দনের দ্রুততার পাশাপাশি বিরক্তি বা উদ্বেগ সৃষ্টি করতে পারে। এছাড়াও, অতিরিক্ত কফি সেবনের ফলে রক্তচাপ ওঠানামার সমস্যা দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ সময়ের সঙ্গে সঙ্গে ধমনী ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের ক্যাফিন গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত।