রক্তে কোলেস্টেরল: যে লক্ষণগুলো দেখলে বুঝবেন বিপদ ঘনিয়ে আসছে

অলস ও অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের অজান্তেই ডেকে আনে নানা রকম শারীরিক সমস্যা, যার মধ্যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া অন্যতম। চিকিৎসকদের মতে, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল জমা হলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তবে, সব সময় রক্ত পরীক্ষার জন্য অপেক্ষা না করেও কিছু সাধারণ উপসর্গ দেখেই বোঝা যেতে পারে যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে কি না।
কোলেস্টেরল বাড়ার প্রাথমিক লক্ষণগুলি
চোখের নীচে বা পাতায় ফোলা অংশ: আপনার চোখের নীচে বা চোখের পাতায় যদি সাদাটে বা হলদেটে, ব্যথাহীন ফোলা অংশ দেখা যায়, তাহলে দ্রুত রক্ত পরীক্ষা করান। এটি চোখের কোনো সমস্যা না হলেও, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসর্গ।
বুকে ব্যথা: যদি কিছুদিন ধরে মাঝে মাঝে বুকে ব্যথা অনুভব করেন, অথচ ইসিজি রিপোর্টে তেমন কোনো সমস্যা খুঁজে না পান, তাহলে একবার রক্ত পরীক্ষা করে দেখুন। উচ্চ কোলেস্টেরল রক্তনালীতে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রে চাপ পড়ে বুকে ব্যথা হতে পারে।
ঘাড় ও মস্তিষ্কের পিছনের দিকে ব্যথা: কোলেস্টেরল জমলে মস্তিষ্কেও রক্ত সঞ্চালন কমে যায়। এই কারণে ঘাড়ে ও মস্তিষ্কের পিছনের দিকে মাঝে মাঝে একটানা ব্যথা হতে পারে।
অকারণ হৃদস্পন্দন বৃদ্ধি: শারীরিক পরিশ্রম বা উদ্বেগের কারণে হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি মাঝে মাঝেই আপনার হৃদগতি বেড়ে যায়, তাহলে আর সময় নষ্ট না করে রক্ত পরীক্ষা করান। উচ্চ কোলেস্টেরল হৃদগতিকে বাড়িয়ে দিতে পারে।
চোখের মণির চারপাশে ধূসর দাগ: খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনার চোখের মণির চারপাশে ধূসর রঙের কোনো গোল দাগ দেখা যাচ্ছে কি না। এটি চোখের কোনো সমস্যা নয়, বরং কোলেস্টেরলের কারণেই এমনটা হতে পারে।