ত্বকের যত্নে মসুর ডাল, উজ্জ্বলতা থেকে অবাঞ্ছিত লোম দূর, এক ডালেই কেল্লা ফতে!

মসুর ডাল শুধু সুস্বাদু খাবার তৈরির উপাদানই নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। তবে আপনি কি জানেন, মসুর ডাল আপনার ত্বকের যত্নেও দারুণ কার্যকরী হতে পারে? মসুর ডালে আছে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি, ই, কে এবং থায়ামিন। এই সব উপাদান মিলে ত্বক থেকে ক্ষতিকর উপাদান দূর করে ত্বককে দ্রুত সুন্দর করে তোলে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ত্বকের যত্নে মসুর ডাল ব্যবহার করলে ত্বকের প্রোটিনের ঘাটতি অনেকটাই পূরণ হয়। এর ফলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না এবং ত্বকের বয়স কমতে শুরু করে। সেইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা এবং কোমলতাও বাড়তে থাকে। আজ চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে মসুর ডালের বিভিন্ন ব্যবহার ও উপকারিতা সম্পর্কে।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায়! এক্ষেত্রে ব্যবহার করতে পারেন মসুর ডাল। প্রথমে ৫০ গ্রামের মতো মসুর ডাল জলে ভিজিয়ে সারারাত রেখে দিন। সকালে জল ছেঁকে ডালটুকু বেটে নিন। এই ডালের পেস্টের সঙ্গে মেশান সামান্য বাদাম তেল ও এক চা চামচ কাঁচা দুধ। এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। এভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো।
মসুর ডালের ফেসওয়াশ
আমাদের ব্যস্ত জীবনের বেশিরভাগ সময় বাইরে কাটাতে হয়, যার ফলে দূষণ ত্বকের অনেক ক্ষতি করে। এই সমস্যা দূর করতে মসুর ডাল দিয়ে ত্বকের যত্ন নিন। এতে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি ত্বকের ক্ষতিও কম হবে। এক চামচ বাটা মসুর ডাল, দুই চামচ দুধ, সামান্য হলুদ এবং কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে মুখ ভালো করে ধুয়ে নিন।
অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে
নারীর মুখে অবাঞ্ছিত লোম থাকলে দেখতে খারাপ লাগে। এই সমস্যায় ভুগে থাকেন অনেকেই। মুখের অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন মসুর ডালের ফেসপ্যাক। সেজন্য নিন এক চা চামচ মসুর ডালের গুঁড়া, এক চা চামচ চালের গুঁড়া, এক চা চামচ দুধ ও এক চা চামচ বাদাম তেল। সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে মিনিট পাঁচেক রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের যত্নে
ত্বকের শুষ্কতা নিয়ে সমস্যায় ভুগলে উপকার করবে মসুর ডাল। সমপরিমাণ মসুর ডাল ও গাঁদা ফুল একসঙ্গে বেটে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর মুখে অন্তত ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতার পাশাপাশি ত্বককে কোমল করতে ও ব্রণ দূর করতে সাহায্য করে।
ত্বকের মৃত কোষ দূর করতে
ত্বকের উপরের অংশে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে ত্বককে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে মসুর ডাল। সপ্তাহে দু’দিন পরিমাণমতো মসুর ডাল ও দুধের পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করতেও সাহায্য করে মসুর ডাল।