অঙ্কুর গজানো আলু খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

বাঙালির হেঁশেলে আলু এক অপরিহার্য সবজি। প্রায় সারাবছরই এটি আমাদের খাদ্যতালিকায় থাকে। অনেকেই হয়তো অতিরিক্ত আলু কিনে ঘরে মজুত করে রাখেন। দীর্ঘদিন ঘরে আলু জমিয়ে রাখলে দেখা যায়, তার গায়ে ছোট ছোট অঙ্কুর গজাতে শুরু করেছে। অনেকে আবার এই অঙ্কুরগুলি কেটে ফেলে বাকি আলু দিয়েই দিব্যি বিভিন্ন পদ রান্না করে ফেলেন। কিন্তু আপনি কি জানেন, এই অঙ্কুর গজানো আলু খাওয়া হতে পারে মারাত্মক বিপজ্জনক? কেন এমনটা হয়, জেনে নিন।

জীববিজ্ঞানীদের মতে, আলু নিজেই সোলানাইন (Solanine) নামক এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে। আলু গাছ প্রাকৃতিকভাবেই এই সোলানাইন উৎপাদন করে নিজেদের পোকা বা জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য।

সাধারণত, যে অবস্থায় আমরা আলু খাই, তখন পর্যন্ত সোলানাইন তৈরি শুরু হয় না এবং এতে শরীরের কোনো ক্ষতি হয় না। তবে, যেই আলুর গায়ে অঙ্কুর গজাতে শুরু করে, তখনই তাতে এই বিষাক্ত সোলানাইন তৈরি হতে থাকে।

অনেকেই আলুর অঙ্কুর বা সবুজ অংশটুকু কেটে ফেলে বাকিটা রান্না করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, অঙ্কুর গজানো আলুর পুরো অংশেই এই বিষাক্ত সোলানাইন ছড়িয়ে পড়ে। ফলে ওই আলু পেটে গেলে শরীরে বিষক্রিয়া হতে পারে।

কী হয় অঙ্কুর গজানো আলু খেলে?
আলুতে থাকা সোলানাইন যদি অল্প পরিমাণে শরীরে যায়, তাহলে প্রাথমিকভাবে পেটে সমস্যা দেখা দিতে পারে। অনেকের মাথাব্যথাও হতে পারে।

তবে, যদি বেশি পরিমাণে সোলানাইন শরীরে প্রবেশ করে, তাহলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হতে পারে। এর প্রভাবে কেউ কোমায় চলে যেতে পারেন এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। দীর্ঘ দিন ধরে অল্প অল্প সোলানাইন শরীরে গেলে স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে।

ভাবতে পারেন, সামান্য আলুও কীভাবে এত বিপজ্জনক হতে পারে! তাই আপনার স্বাস্থ্যের সুরক্ষার জন্য অঙ্কুর গজানো আলু খাওয়া থেকে বিরত থাকুন। আলুতে যাতে অঙ্কুর না জন্মায়, তার জন্য সেগুলিকে অন্ধকার ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। রেফ্রিজারেটরে রাখলে আলুর গুণগত মান ভালো থাকে এবং অঙ্কুর গজানোর প্রবণতা কমে।