মুখের মতো হাতের যত্নেও হন সচেতন! বয়সের ছাপ এড়াতে রইল সহজ কিছু টিপস

মুখের ত্বকের যত্নে আমরা সবাই কমবেশি সচেতন হলেও, হাতের যত্নে কিন্তু অনেকেই উদাসীন। আর এর ফলস্বরূপ, একটু খেয়াল করলেই দেখবেন আমাদের অনেকেরই বয়সের আগেই হাতের চামড়ায় ভাঁজ পড়ে গেছে, যা দেখতেও ভালো লাগে না।
হাত শরীরের এমন একটি অংশ যা আমাদের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে। তাই এটা ভুলে গেলে চলবে না যে, বয়সের ছাপ কেবল মুখেই পড়ে না, হাতেও পড়তে পারে। তাই হাতের পর্যাপ্ত যত্নের প্রয়োজন।
চলুন জেনে নেওয়া যাক হাতের যত্ন নেওয়ার কিছু সহজ উপায়:
হাতের যত্নে যা যা করবেন:
নাইট ক্রিম ব্যবহার: রাতে ঘুমানোর আগে হাতের পরিচর্যা করা জরুরি। ঘুমানোর আগে হাতে ভালো মানের হ্যান্ড ক্রিম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এটি হাতের ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে।
গ্লাভস পরে কাজ করুন: বাসন মাজা, কাপড় কাচা এবং ঘরের অন্যান্য কাজ করতে গিয়ে হাতে বেশি ক্ষার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষার হাতের ত্বকের ক্ষতি করে। তাই হাতে গ্লাভস পরে কাজ করার চেষ্টা করুন। এছাড়াও, হাত সুন্দর রাখতে নিয়ম করে ম্যানিকিওর করানো যেতে পারে।
পর্যাপ্ত জল পান করুন: জল খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই ত্বকের জন্যও খুব কার্যকরী। হাত শুষ্ক হওয়ার পেছনে অন্যতম বড় কারণ হলো ডিহাইড্রেশন বা জলশূন্যতা। হাতের ত্বক রুক্ষ-শুষ্ক হলে চামড়া কুঁচকে যেতে পারে। তাই সর্বদা নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
সানস্ক্রিন প্রয়োগ: রোদে বাইরে যাওয়ার আগে আমরা প্রত্যেকেই মুখে সানস্ক্রিন ব্যবহার করি। কিন্তু শরীরের যেসব অংশ রোদের সংস্পর্শে আসে, যেমন হাত, সেগুলোতেও সানস্ক্রিন লাগানো উচিত। সূর্যের অতি বেগুনি রশ্মি হাতে লাগলে সহজে টান ধরে এবং ত্বককে দুর্বল করে দেয়। তাই বাইরে যাওয়ার আগে হাতে অবশ্যই সানস্ক্রিন মাখুন।
নিয়মিত ময়েশ্চারাইজার: ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক ভালো থাকে। অনেকেই মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার লাগে না, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। তৈলাক্ত ত্বকেও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। যাদের কম্বিনেশন স্কিন, তাদের শুষ্ক জায়গাগুলোতে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। প্রতিদিন স্নানের পরে হাতে ভালো করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যতবারই সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন, ততবার চেষ্টা করবেন ময়েশ্চারাইজার লাগাতে।