ত্বকের আঁচিল: কখন সাধারণ, কখন চিন্তার কারণ? বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞরা

ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে আঁচিল একটি পরিচিত সমস্যা। অনেকের ত্বকেই অত্যধিক আঁচিল দেখা যায়, যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন – ডায়াবিটিস, স্থূলতা, এমনকি জিনগত প্রবণতাও। তবে, অনেকেই আঁচিল মানেই ক্যান্সারের লক্ষণ ভেবে ভয় পান, যা একেবারেই সঠিক নয়। কারণ, সব আঁচিলই ক্যান্সারের কারণ হয় না।
নারী-পুরুষ উভয়েরই আঁচিল হওয়ার প্রবণতা থাকলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর হার বাড়ে। বিশেষ করে মধ্যবয়সের পর আঁচিল হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এছাড়াও, যাদের ওজন খুব বেশি এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক সময় ৪-৫ মাসের দিকে আঁচিলের সমস্যা দেখা দিতে পারে।
কেন হয় আঁচিল?
বিশেষজ্ঞদের মতে, ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়। আবার ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেলেও অনেক সময় আঁচিল হতে পারে। এই কারণেই বগল, চোখের পাতা, কুঁচকি কিংবা ঘাড়ে ছোট-বড় আঁচিল দেখা যায়।
ডায়াবিটিস কিংবা স্থূলতাও শরীরে অতিরিক্ত আঁচিলের কারণ হতে পারে। শরীরে মেলানিনের উৎপাদন বেড়ে গেলেও আঁচিল হতে পারে। এমনকি সূর্যের তাপে অনেকক্ষণ থাকলে চামড়া পুড়ে যাওয়ার কারণেও আঁচিল দেখা দিতে পারে।
শরীরে আঁচিল হওয়া কি কোনো রোগের লক্ষণ?
চর্ম বিশেষজ্ঞদের মতে, সাধারণত আঁচিল শরীরের পক্ষে ক্ষতিকর নয়। তবে দেহের বিভিন্ন স্থানে আঁচিল হলে তা অস্বস্তির কারণ হতে পারে, বিশেষ করে মুখে অত্যধিক আঁচিল সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়। সাধারণত আঁচিলে ব্যথা হওয়ার কথা নয়।
তবে, যদি দেখেন আঁচিলের চারপাশে ব্যথা হচ্ছে, সেখান থেকে রক্তপাত হচ্ছে কিংবা একই স্থানে একাধিক আঁচিল দেখা দিচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।