সর্বনাশ! কমোডের ঢাকনা খোলা রেখেই ফ্লাশ করেন? বিশেষজ্ঞরা যা বলছেন…

প্রতিদিনের অতি পরিচিত একটি অভ্যাস, যা অজান্তেই ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ! টয়লেটে কমোড ব্যবহারের পর ঢাকনাটি খুলেই ফ্লাশ করার অভ্যাস যদি আপনার থাকে, তাহলে সাবধান! বিশেষজ্ঞরা বলছেন, এতে এমন ঘটনা ঘটে যা জানলে আপনার গা গুলিয়ে আসবে এবং জনস্বাস্থ্যের উপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে।

সম্প্রতি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আপনি যখন কমোডে ফ্লাশ করেন, তখন তীব্র গতিতে জল নিচে নামার ফলে বর্জ্যের ছোট ছোট কণা স্প্রে আকারে বাতাসে মিশে যায় এবং ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বাতাসে মিশ্রিত এই বর্জ্য কণা ১৫ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে! সুতরাং, যখনই টয়লেটের কমোড ফ্লাশ করবেন, তখনই এর ঢাকনাটি অবশ্যই নামিয়ে দেবেন।

গবেষণায় আরও বলা হয়েছে, কমোডে আপনি যা কিছুই রাখেন না কেন, তা ফ্লাশ করার পরও দীর্ঘক্ষণ সেখানে থেকে যেতে পারে। কমোড ঘষে-মেজে পরিষ্কার না করা পর্যন্ত জীবাণুরা সেখানেই বাসা বেঁধে থাকে।

জীবাণুর মারাত্মক সংক্রমণ:
টয়লেটে বিপজ্জনক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ ঘটলে তা ওয়াশরুমের মেঝে, সিঙ্ক এবং এমনকি আপনার টুথব্রাশেও ছড়িয়ে পড়তে পারে। কমোডের ফ্লাশে জলের তীব্র গতির ফলে বাতাসের সঙ্গে স্প্রে আকারে মিশে যাওয়া এই ময়লা মুখে প্রবেশ করে স্যালমোনেলা, শিঘেলা, নরোভাইরাস এবং হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ ঘটাতে পারে দেহে। তাই আপনার মুখগহ্বর পরিষ্কার সংক্রান্ত জিনিসপত্র (যেমন টুথব্রাশ) টয়লেটের বাইরের ক্যাবিনেটে রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

পাবলিক টয়লেট ব্যবহারের সতর্কতা:
ওয়াশরুমে বংশবিস্তার করে আণবিক প্যাথোজেন, ত্বকের রোগের জীবাণু, শ্বাসনালীর রোগ সংশ্লিষ্ট জীবাণু আর ছত্রাক। এছাড়াও আরও বিপজ্জনক জীবাণুও ওয়াশরুমে জন্ম নেয়। তাই পাবলিক ওয়াশরুম বা টয়লেট ব্যবহারের সময় নিম্নলিখিত সাবধানতাগুলি অবলম্বন করা জরুরি:

টয়লেটের দরজা কখনোই খালি হাতে ধরবেন না। ভেতর বা বাহির যে কোনো দিক থেকেই দরজা খোলার সময় নবটি টিস্যু পেপার দিয়ে ধরবেন।
ব্যাগ বা ফোন নিয়ে ওয়াশ রুম বা টয়লেটে প্রবেশ করবেন না। কারণ সেসবে জীবাণু লেগে পরে তা আপনার দেহে প্রবেশ করতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, টয়লেট থেকে বেরিয়ে আসার পর অবশ্যই প্রতিবার হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে বের হবেন। সংক্রমণ থেকে রেহাই পেতে ভালো করে হাত ধোয়ার পর তা পেপার টাওয়েল দিয়ে মুছতে হবে।