আপনার প্রিয় রুপার গয়নার জেল্লা হারিয়েছে? ঘরে বসেই ফিরিয়ে আনুন পুরনো চমক!

অনেকেই প্রতিদিন রুপার গয়না ব্যবহার করেন, কিন্তু কিছুদিন পরই দেখা যায় এর উজ্জ্বলতা কমে গেছে, কালচে ছোপ পড়ে গেছে। এতে অনেকে মনে করেন, হয়তো রুপাটি ভালো মানের নয় বা নকল! তবে আসল বিষয়টি কিন্তু তা নয়, বরং এটি রুপার একটি প্রাকৃতিক প্রক্রিয়া।
এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই! আপনার হাতের কাছে থাকা কিছু সাধারণ উপাদান ব্যবহার করেই প্রিয় রুপার গয়না বা বাসনপত্রের হারানো জেল্লা ফিরিয়ে আনা সম্ভব। নিচে এমন কিছু সহজ উপায় দেওয়া হলো, যা আপনার রুপার জিনিসপত্রকে আবার ঝকঝকে করে তুলবে:
রুপার হারানো জেল্লা ফেরানোর সহজ উপায়:
টুথপেস্টের জাদু: একটি নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে সেটি রুপার গয়নার ওপর আলতো করে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর একটি নরম পরিষ্কার কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। দেখবেন, আপনার রুপার জিনিস আবার ঝকঝক করছে।
বেকিং সোডার কামাল: জল আর বেকিং সোডা মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি রুপার গয়নার ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর নরম কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে ফেলুন। বেকিং সোডা রুপার কালচে ছোপ দূর করতে অত্যন্ত কার্যকরী।
ভিনেগারের ব্যবহার: আধা কাপ ভিনেগার আর এক কাপ জল একসঙ্গে ফুটিয়ে নিন। ফুটন্ত জলে রুপার গয়নাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর তুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেই রুপা আবার ঝলমলিয়ে উঠবে।
টমেটো কেচাপের কেরামতি: পেপার টাওয়েল বা কিচেন টাওয়েলে পর্যাপ্ত পরিমাণ টমেটো কেচাপ ঢালুন। এবার একটি বাসন মাজার স্পঞ্জ দিয়ে কেচাপ মাখানো টাওয়েল দিয়ে গয়নাগুলো ঘষে ঘষে পরিষ্কার করুন। দেখবেন, সব কালো দাগ উধাও হয়ে গেছে! এরপর গয়নাটি ভালো করে ধুয়ে নিন।