দাঁড়িয়ে খাবার খেলে অজান্তেই ডেকে আনছেন বিপদ! অবসাদ থেকে স্বাদহীনতা, বলছে গবেষণা

প্রচণ্ড তাড়া, অফিস ছুটতে হবে, হাতে সময় নেই—এই অজুহাতে কি আপনিও প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গপাগপ করে হাতের গোড়ায় যা পাচ্ছেন তাই গিলে নিচ্ছেন? যদি এটাই আপনার রোজের অভ্যাস হয়ে থাকে, তবে এখনই তা পাল্টান। কারণ, আপনি হয়তো জানেন না, তাড়াহুড়োর চোটে নিজের কত বড় সর্বনাশ করছেন। এভাবে খেলে রোজ একটু একটু করে অবসাদে (Stress) ডুবতে থাকবেন আপনি। এমনকি খাবারের স্বাদও পাবেন না। জার্নাল অব কনজিউমার রিসার্চ (Journal of Consumer Research) সম্প্রতি এমন অজানা তথ্য জানিয়েছে।

ভঙ্গি ও স্বাদগ্রহণের সম্পর্ক
শুধু কি তাই! কোন ভঙ্গিতে দাঁড়িয়ে খাচ্ছেন, সেটাও নাকি স্বাদগ্রহণের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ, জানিয়েছেন গবেষকেরা। তাঁদের কথায়, দাঁড়ানোর বদলে যদি বসে শান্তিতে খান, তাহলে খাবারের স্বাদ আরও বেশি করে পাবেন। কারণ, ভঙ্গি এবং শরীরের ভারসাম্যের সঙ্গে স্বাদগ্রহণের বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই দাঁড়ানোর চেয়ে বসে খেলে সবাই খাবারে বেশি স্বাদ পান।

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (University of South Florida) অধ্যাপক, লেখক, গবেষক দীপায়ন বিশ্বাস (Dipayan Biswas) জানিয়েছেন, “অনেক সময়েই দেখা যায়, যেসব বাচ্চারা খেতে ভালোবাসে না বা খাবার দেখলেই উল্টোদিকে পালায়, তাদের ভুলিয়ে খাওয়াতে গিয়ে মা-বাবা জানালা বা কোথাও দাঁড় করিয়ে ঝপাঝপ করে খাওয়াতে থাকেন। দাঁড়ানোর পদ্ধতি যদি সঠিক হয়, তাহলে বাচ্চারা অনেক সময়েই চুপচাপ খেয়ে নেয়। কিন্তু তা না হলে ওদের বিরক্তি আরও বাড়ে, কিছুতেই খেতে চায় না।”

কেন এমনটা হয়?
বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে থাকার ফলে মাধ্যাকর্ষণ শক্তি আমাদের নিচের দিকে আকর্ষণ করে। এতে শরীরের রক্ত নিচের দিকে প্রবাহিত হয় এবং তা তুলে সারা শরীরে ছড়িয়ে দিতে কষ্ট হয় হৃদপিণ্ডের। ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। আর তাতেই বাড়তে থাকে হাইপো থ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালিন (HPA), যা স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয়। আর শরীর অবসন্ন হলে কী করে খাবারের স্বাদ নেবেন? এমনকি সামান্য শারীরিক সমস্যাতেও সুস্বাদু খাবারও বিস্বাদ হয়ে যায়।

বিষয়টির সত্যতা যাচাই করতে গবেষকেরা ৩৫ জনকে পিটা চিপস খেতে দিয়েছিলেন। এঁদের মধ্যে কিছু জন খেয়েছেন দাঁড়িয়ে, বাকিরা খেয়েছেন বসে। যাঁরা দাঁড়িয়ে খেয়েছেন, তাঁরা পিটা চিপসের কোনো স্বাদই পাননি! অথচ, যাঁরা আরাম করে বসে খেয়েছেন, তাঁদের কাছে চিপসের স্বাদ ছিল অমৃততুল্য।

এরপরেই গবেষকেরা হাতে ভারী ব্যাগ ধরিয়ে দিয়ে খেতে দেন ফ্রুট স্ন্যাকস (Fruit Snacks)। আগের মতোই অর্ধেক জন খান দাঁড়িয়ে, বাকিরা বসে। এবার নাকি খাবারের স্বাদ সবার কাছেই সবচেয়ে বিস্বাদ ঠেকেছে! তাই সুস্থ থাকতে এবং খাবারের প্রকৃত স্বাদ উপভোগ করতে দাঁড়িয়ে খাওয়ার অভ্যাস ত্যাগ করুন।