ডিম: এক ‘সুপারফুড’ যা প্রতিদিনের স্বাস্থ্যের চাবিকাঠি!

ডিমকে প্রায়শই ‘সুপারফুড’ বলা হয়, এবং এর কারণও স্পষ্ট। এটি ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনের এক অসাধারণ উৎস, যেখানে ক্যালোরিও থাকে বেশ কম। গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দুটি করে ডিম খাওয়া উচিত, আর সকালের খাবারে একটি সেদ্ধ ডিম সারাদিন শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে।
চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন সকালের খাবারে সেদ্ধ ডিম খাওয়ার অবিশ্বাস্য উপকারিতাগুলো সম্পর্কে:
১. শক্তি যোগায়
একটি বড় সেদ্ধ ডিমে প্রায় ৮০ ক্যালোরি থাকে, যার ৬০% ক্যালোরি আসে চর্বি থেকে। ফলে সকালের খাবারে একটি মাত্র সেদ্ধ ডিম খেলে সারাদিন ধরে শক্তি পাওয়া যায় এবং দুর্বলতা হ্রাস পায়।
২. হাড় গঠনে সহায়ক
সেদ্ধ ডিমে রয়েছে ভিটামিন ডি, যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে। ভিটামিন ডি খাবার থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে সহায়তা করে এবং রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর ফলে শরীরের হাড়ের কাঠামো মজবুত ও শক্ত হয় এবং হাড়ের ক্ষয় রোধ হয়। প্রতিদিন সকালের খাবারে একটি সেদ্ধ ডিম খেলে প্রায় ৪৫ আন্তর্জাতিক ইউনিট ভিটামিন ডি পাওয়া যায়, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে অপরিহার্য।
৩. প্রোটিনের দারুণ উৎস
সেদ্ধ ডিমে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সকাল বেলা খাবারে একটি সেদ্ধ ডিম খেলে ৬ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়, যা পেশী গঠনে এবং সামগ্রিক শারীরিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ।
৪. চোখের স্বাস্থ্যের উন্নতি
ডিমের একটি প্রধান খাদ্য উপাদান হলো ভিটামিন এ। ভিটামিন এ রেটিনায় আলো শুষে নিতে সহায়তা করে, কর্নিয়ার পাশের মেমব্রেনকে রক্ষা করে এবং রাতকানার ঝুঁকি কমায়। প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খেলে খাবার তালিকায় ৭৫ মাইক্রোগ্রাম ভিটামিন এ যুক্ত হয়।
৫. দেহের ওজন নিয়ন্ত্রণ
আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে ডিমের উপকারিতা অনেক। যারা পেশীর ওজন বৃদ্ধি করতে চান, তাদের জন্য প্রোটিন সমৃদ্ধ ডিম উপযুক্ত। গবেষণায় দেখা গেছে, ডিম আমাদের দেহে ঘন ঘন ক্ষুধা লাগাকে কমিয়ে দিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে। তাই সকালের খাবারে একটি সেদ্ধ ডিম বেশ উপকারী।
৬. মস্তিষ্কের জন্য উপকারী
ডিমে আছে প্রচুর পরিমাণে কলিন, যা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে আমাদের দেহকে সুস্থ রাখে। ডিম আমাদের মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে। এছাড়া ডিমের কুসুমে আছে ফোলেট উপাদান, যা আমাদের মস্তিষ্কের ভিতরে স্নায়ু কোষের রক্ষণাবেক্ষণ করে।
৭. নখ ও চুলের স্বাস্থ্য উন্নত করে
ডিমে আছে সালফার সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড, যা আমাদের হাতের নখের স্বাস্থ্যই শুধু উন্নত করে না, আমাদের চুলের স্বাস্থ্যও মজবুত ও আকর্ষণীয় করে তোলে। ডিমের অন্যান্য খনিজ পদার্থ যেমন সেলেনিয়াম, আয়রন ও জিঙ্ক দেহের নখ ও চুলের স্বাস্থ্য রক্ষার্থে সহযোগিতা করে।