ইন্টারনেট ছাড়াই হাতের মুঠোয় গুগল ম্যাপ! জেনে নিন সহজ পদ্ধতি

এবার ইন্টারনেট সংযোগ না থাকলেও ব্যবহার করা যাবে জনপ্রিয় নেভিগেশন অ্যাপ গুগল ম্যাপ। হ্যাঁ, গুগল ম্যাপের একটি বিশেষ ফিচার ব্যবহার করে আপনি ম্যাপ ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রয়োজনে অফলাইনেও তা ব্যবহার করতে পারবেন। যারা দুর্বল ইন্টারনেট সংযোগের এলাকায় আটকে পড়েছেন অথবা ডেটা খরচ বাঁচাতে চান, তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত উপযোগী।
এতদিন পর্যন্ত গুগল ম্যাপ ব্যবহার করার জন্য স্থিতিশীল ইন্টারনেট সংযোগের প্রয়োজন ছিল বলেই সকলে জানতেন। তবে এই ধারণা এবার বদলাতে চলেছে। অ্যানড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই গুগল ম্যাপের এই সুবিধা পাওয়া যায়।
অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে প্রথমে আপনার ফোনে গুগল ম্যাপ ইনস্টল করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যদি না থাকে, তবে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন।
এরপর অফলাইনে ম্যাপ ব্যবহারের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:
লোকেশন সার্চ: প্রথমে গুগল ম্যাপের সার্চ বারে সেই নির্দিষ্ট এলাকা বা শহরের নাম লিখুন যা আপনি ডাউনলোড করতে চান। মনে রাখবেন, অফলাইন ব্যবহারের জন্য বড় এলাকা বা শহর নির্বাচন করাই শ্রেয়। কোনো ছোট এবং নির্দিষ্ট স্থান এক্ষেত্রে কার্যকর নাও হতে পারে।
লোকেশন নির্বাচন: সার্চ করার পর স্ক্রিনে যখন সেই এলাকাটি ভেসে উঠবে, তখন সেটির উপর ট্যাপ করুন। এরপর আপনার মোবাইলের স্ক্রিনে ওই এলাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তথ্য দেখা যাবে।
ডাউনলোড অপশন: স্ক্রিনের উপরের ডানদিকের কোণে তিনটি উল্লম্ব ডট (…) দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে একটি পপ-আপ মেনু খুলবে। সেই মেনু থেকে ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’ অপশনটি বেছে নিন।
এলাকা নির্বাচন ও ডাউনলোড: ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’ অপশনটি নির্বাচন করার পর গুগল ম্যাপ আপনাকে সেই এলাকার একটি নির্দিষ্ট অংশ নির্বাচন করার সুযোগ দেবে যা আপনি ডাউনলোড করতে চান। এলাকাটি সঠিকভাবে নির্বাচন করার পর ‘ডাউনলোড’ বোতামে ক্লিক করুন।
ডাউনলোড প্রক্রিয়া: ডাউনলোড বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল স্ক্রিনে ম্যাপ ডাউনলোডের অগ্রগতি দেখতে পাবেন। একবার ডাউনলোড সম্পূর্ণ হলে, আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই সেই ম্যাপ ব্যবহার করতে পারবেন।
গুরুত্বপূর্ণ বিষয়:
মনে রাখবেন, অফলাইনে ডাউনলোড করা গুগল ম্যাপ ১৫ দিনের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এছাড়াও, এই ম্যাপ ডাউনলোড করার জন্য আপনার ফোনের যথেষ্ট পরিমাণে স্টোরেজ এবং ডেটা খরচ হবে। তাই ব্যবহারকারীরা চাইলে গুগল ম্যাপ অফলাইনে ডাউনলোড করার পর সেটি এসডি কার্ডে স্থানান্তরিত করতে পারেন।
এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনিও ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল ম্যাপের সুবিধা উপভোগ করতে পারবেন এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সঠিক পথে গন্তব্যে পৌঁছাতে পারবেন।