গরমে ব্রণর জ্বালাতন? মুক্তি মিলবে ঘরোয়া উপায়েই

গরমকাল মানেই ত্বকের নানা রকম সমস্যা। ঘামাচি থেকে শুরু করে র্যাশ, কালচে ছোপ—এই সময় ত্বকের ভোগান্তি যেন লেগেই থাকে। তবে ব্রণর সমস্যায় নারী-পুরুষ উভয়েই বেশ নাজেহাল হন। সঠিক পরিচর্যার অভাবে এই সমস্যা আরও বাড়তে পারে। অনেকেই ব্রণ তাড়াতে বাজারের বিভিন্ন প্রসাধনীর উপর ভরসা রাখেন, যার ফলস্বরূপ ত্বকের আরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই চলুন জেনে নেওয়া যাক কিছু সহজ ঘরোয়া উপায়, যা ত্বকের কোনো ক্ষতি ছাড়াই ব্রণ থেকে মুক্তি দিতে পারে—
স্ক্রাবিং:
ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাবিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। সমপরিমাণ চিনি ও নারকেল তেল মিশিয়ে নিন। হালকা হাতে মিশ্রণটি ত্বকের উপর ঘষুন। কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। চিনি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে এবং নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে।
অ্যাপেল সিডার ভিনেগার:
অ্যাপেল সিডার ভিনেগারে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ কমাতে সহায়ক। তিন ভাগ জলের সঙ্গে এক ভাগ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। একটি কটন প্যাডের সাহায্যে মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগান। ২০ সেকেন্ড পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে সরাসরি ভিনেগার ব্যবহার করবেন না, এতে ত্বকে জ্বালা করতে পারে।
অ্যালোভেরা জেল:
অ্যালোভেরা জেল ত্বকের জন্য এক দারুণ উপাদান। এটি ত্বককে ঠান্ডা রাখে, প্রদাহ কমায় এবং ময়েশ্চারাইজ করে। ত্বক পরিষ্কার করে সরাসরি অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজার হিসেবে লাগান। দিনে কয়েকবার এটি ব্যবহার করতে পারেন।
মধু ও দারচিনি:
মধু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং দারচিনিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ। দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দারচিনির গুঁড়া মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট পরিষ্কার ত্বকে লাগান এবং ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
গ্রিন টি:
গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের জন্য খুবই উপকারী। একটি পাত্রে ফুটন্ত জলে গ্রিন টি ব্যাগ রেখে দিন ৫ মিনিট। জল ঠান্ডা হলে সেই লিকার দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। মুখ মোছার প্রয়োজন নেই, প্রাকৃতিক বাতাসে ত্বক শুকিয়ে যেতে দিন। শুকিয়ে গেলে হালকা জলের ঝাপটায় ত্বক ধুয়ে নিন।
এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে গরমকালে ব্রণর সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যেতে পারে। তবে যদি ব্রণর সমস্যা খুব বেশি হয়, তাহলে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।