গরমে প্রাণ জুড়াবে বাড়িতে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম, জেনে নিন সহজ প্রণালী!

গরমের শুরুতেই বাজারে পাকা আমের আগমন বার্তা নিয়ে আসে এক অন্যরকম আনন্দ। আর আমের মিষ্টি রসে মন ভরে ওঠে সকলের। গরমের দুপুরে বা রাতের খাবারের পর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিমের স্বাদ যেন স্বর্গীয়। দোকানের ভেজাল মেশানো আইসক্রিমের বদলে এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো আইসক্রিম। আসুন, জেনে নেওয়া যাক এর সহজ পদ্ধতি।
উপকরণ:
২ কাপ তরল দুধ
১/৪ কাপ গুঁড়ো দুধ
২ কাপ হুইপড ক্রিম
১/৪ কাপ কনডেন্সড মিল্ক
পরিমাণ মতো চিনি (স্বাদ অনুযায়ী)
২-৩ টে পাকা আমের পিউরি
কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স
ড্রাই ফ্রুটস (কিশমিশ, পেস্তা, আমন্ড কুচি – ঐচ্ছিক)
পদ্ধতি:
১. প্রথমে একটি পাত্রে তরল দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নিন।
২. দুধ ফুটে ঘন হতে শুরু করলে তাতে ধীরে ধীরে কনডেন্সড মিল্ক ও গুঁড়ো দুধ মেশান। খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে এবং মিশ্রণটি ভালোভাবে মিশে যায়।
3. মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে হুইপড ক্রিম যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
৪. তৈরি করা দুধের মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে পাত্রটি ফ্রিজে রেখে দিন প্রায় ১ ঘণ্টার জন্য।
৫. অন্যদিকে, একটি মিক্সারের পাত্রে পাকা আমের পিউরি নিন। তাতে পরিমাণ মতো চিনি এবং কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স যোগ করুন।
৬. স্বাদ বাড়ানোর জন্য আমের মিশ্রণে সামান্য পরিমাণে হুইপড ক্রিম মিশিয়ে আরও একবার ব্লেন্ড করে নিন।
৭. ফ্রিজ থেকে ঠান্ডা দুধের মিশ্রণটি বের করুন এবং তার সাথে তৈরি করে রাখা আমের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন।
৮. এবার আইসক্রিম জমানোর জন্য খোপ কাটা কন্টেনার নিন। যদি না থাকে তবে পরিষ্কার বাটিও ব্যবহার করতে পারেন।
৯. কন্টেনার বা বাটিতে আমের মিশ্রণটি ঢেলে দিন। ইচ্ছে হলে আইসক্রিমের মধ্যে কাঠিও গুঁজে দিতে পারেন।
১০. কন্টেনার বা বাটি ঢাকনা দিয়ে ঢেকে অথবা ফয়েল পেপার দিয়ে মুড়ে ৮-১০ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। আইসক্রিম ভালোভাবে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১১. আইসক্রিম জমে গেলে ফ্রিজ থেকে বের করে নিন। পরিবেশনের আগে উপর থেকে কুচি করা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন।
ব্যস! আপনার সুস্বাদু এবং স্বাস্থ্যকর ম্যাঙ্গো আইসক্রিম তৈরি। এবার পরিবারের সকলকে লাঞ্চ বা ডিনারের পর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পরিবেশন করে তাক লাগিয়ে দিন! নিশ্চিত থাকুন, এই স্বাদে মুগ্ধ হবে সবাই।