ঘুম ভাঙতেই এইসব লক্ষণ? হতে পারে ডায়াবেটিসের ইঙ্গিত!

গত কয়েক দশকে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। একসময় এই রোগকে বয়স্কদের রোগ হিসেবে গণ্য করা হলেও, বর্তমানে ৩০ পেরোতে না পেরোতেই বহু মানুষ ব্লাড সুগারের শিকার হচ্ছেন। এর প্রধান কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরচর্চার অভাব এবং অতিরিক্ত মানসিক চাপ। শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে একাধিক জটিল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো চেনা অত্যন্ত জরুরি। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে কিছু উপসর্গ দেখা যায়, যা সময় মতো শনাক্ত করতে পারলে প্রাথমিক পর্যায়েই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, সকালে ঘুম থেকে ওঠার পর কোন লক্ষণগুলো দেখলে আপনাকে সতর্ক হতে হবে:

১. গলা শুকিয়ে যাওয়া: সকালে ঘুম থেকে উঠেই যদি আপনার গলা শুকিয়ে যায় এবং বারবার জল পান করার তীব্র ইচ্ছা হয়, তবে এটি ডায়াবেটিসের একটি লক্ষণ হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীরে জলশূন্যতা দেখা দেয়।

২. বারবার প্রস্রাব: রাতে ঘন ঘন প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া এবং সকালে ক্লান্তি অনুভব করা ব্লাড সুগার বৃদ্ধির ইঙ্গিত হতে পারে। আসলে, শরীর মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বের করে দেওয়ার চেষ্টা করে।

৩. ক্লান্তি: পর্যাপ্ত ঘুমের পরেও যদি সকালে আপনার ক্লান্ত লাগে এবং কোনো কাজে উৎসাহ না পান, তবে এটি শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণে হতে পারে। শরীরের বিপাক প্রক্রিয়ার ভারসাম্যহীনতার জন্য এমনটা ঘটে।

৪. ঝাপসা দৃষ্টি: ঘুম থেকে ওঠার পর যদি আপনি স্পষ্টভাবে দেখতে না পান এবং দৃষ্টি ঝাপসা মনে হয়, তবে এর পেছনে ডায়াবেটিসের প্রভাব থাকতে পারে। শরীরে সুগারের মাত্রার পরিবর্তন চোখের উপর প্রভাব ফেলে।

৫. হাত-পায়ে অসাড়তা: ঘুম থেকে ওঠার পর যদি হাত-পায়ে অসাড়তা, ঝিঁঝি ধরা অথবা জ্বালাপোড়া অনুভব করেন, তবে এটি নিউরোপ্যাথির লক্ষণ হতে পারে। ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এমন অনুভূতি হতে পারে।

৬. মুড সুইং ও বিরক্তি: কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই সকালে বিরক্তি অনুভব করা এবং ঘন ঘন মেজাজের পরিবর্তন হওয়া রক্তে শর্করার ভারসাম্যের অভাবের কারণে হতে পারে।

৭. বমি বমি ভাব: সকালে ঘুম থেকে উঠেই যদি গা গুলিয়ে ওঠে বা বমি বমি ভাব অনুভব করেন, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এই লক্ষণগুলো ডায়াবেটিসের কারণেও দেখা দিতে পারে।

সকালে ঘুম থেকে ওঠার পর এই লক্ষণগুলো অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং জীবনযাত্রার পরিবর্তন ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।